২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে চায় রাশিয়া: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপে থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রগুলোর এখন বাড়ি ফেরার সময় হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 05:58 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার সুইজারল্যান্ডে জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

সম্মেলনে যোগ দিতে ল্যাভরভের জেনিভা যাওয়ার কথা ছিল, কিন্তু ইউক্রেইনে রুশ হামলার পর ইউরোপীয় দেশগুলোর দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি যেতে পারেননি; এর বদলে ধারণ করা একটি ভিডিও বার্তা দেখানো হয়।

পশ্চিমারা সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোতে সামরিক স্থাপনা বানাতে পারবে না বলে ল্যাভরভ ওই ভিডিও বার্তায় হুঁশিয়ারিও দেন।

তিনি বলেন, ইউক্রেইনের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতেই দেশটিতে অভিযান শুরু হয়েছে।

তার বক্তব্য শুরু হওয়ার পরপরই ইউক্রেইন, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সম্মেলনস্থলে থেকে ওয়াক আউট করেন।