২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে ব্যবসা নিয়ে সতর্ক হতে বলছে যুক্তরাজ্য সরকার

এখনও যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করছেন তাদের সতর্ক করে ডাউনিং স্ট্রিট থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘তাদের খুব সতর্ক হয়ে চিন্তা করা উচিত যে তারা এখনো পুতিনের রাজত্ব টিকিয়ে রাখতে যে কোনো কিছু করে যাওয়া অব্যাহত রাখবেন কিনা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 10:27 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের মধ্যেই যুক্তরাজ্য-রাশিয়া উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু অস্ত্র ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দেন। যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর একঝাঁক নজিরবিহীন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

ওই নিষেধাজ্ঞা রুশ অর্থনীতির সর্বনাশ করে ফেলতে যথেষ্ট। এ অবস্থায় সোমবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও অন্যান্যদের মন্তব্যের জেরেই নাকি রাশিয়া পরমাণু অস্ত্র ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ জারি করেছে।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার ওই খবর প্রকাশ করে। যদিও ট্রাসের কোনো মন্তব্য নিয়ে তারা এ কথা বলছেন সেটা খবরে পরিষ্কার করা হয়নি বলে জানায় বিবিসি।

তবে রোববার ট্রাস বলেছিলেন, যদি যুক্তরাজ্য থেকে কেউ আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিয়ে ইউক্রেইনে যুদ্ধ করতে চায় তবে তিনি সেটায় সমর্থন দেবেন।

তারপর ওই দিনই প্রেসিডেন্ট পুতিন তার বাহিনীকে পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন বলা হচ্ছে, যুক্তরাজ্যের কোনও নাগরিক যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে সাহায্য করতে চান তবে সরকার তাতে সমর্থন দেবে।

“আমরা তাদের আবেগকে সম্পূর্ণ রূপে স্বীকৃতি দিচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের ইউক্রেইনে যেতে পরামর্শ দিচ্ছি।”

পুতিন পরমাণু অস্ত্র ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দেওয়ার পর ট্রাস বলেছিলেন, ‘‘যদি পুতিন ইউক্রেইনে না থামেন তবে ‍অন্যান্য দেশও মস্কোকে হুমকি বলে বিবেচনা করবে এবং এটা শেষ পর্যন্ত নেটোর সঙ্গে সংঘর্ষ ডেকে আনতে পারে।”

নেটোর মহাসচিব এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পোল্যান্ড ও এস্তোনিয়া সফরে যাবেন বলেও জানায় ডাউনিং স্ট্রিট।