২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিজ ট্রাসের মন্তব্যের জেরে পরমাণু অস্ত্র প্রস্তুতি, বলছে রাশিয়া

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও অন্যান্যদের মন্তব্যের প্রেক্ষিতেই রাশিয়া পরমাণু অস্ত্র ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ জারি করেছে, বলছে ক্রেমলিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 08:46 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিতে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার এ খবর প্রকাশ করেছে বলে জানায় বিবিসি।

পেসকভ বলেন, ‘‘যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন পর্যায়ের নানা প্রতিনিধিরা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এমনকী তারা ইউক্রেইনে হামলা হলে নেটো এবং রাশিয়ার সংঘর্ষ ও সংঘাত নিয়েও কথা বলেছিলেন।

“আমরা ওইসব বক্তব্য ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ বলে মনে করি। ওই সব বিবৃতি কারা লিখছেন আমি তাদের নাম নেব না, তবে সেটি ছিল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।”

যদিও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের কোন বক্তব্য নিয়ে রাশিয়ার আপত্তি আছে তা পরিষ্কার করে বলা হয়নি।

তবে গত রোববার ট্রাস বলেছিলেন, যদি যুক্তরাজ্য থেকে কেউ আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিয়ে ইউক্রেইনে যুদ্ধ করতে চায় তবে তিনি সেটায় সমর্থন দেবেন।

রোববারই প্রেসিডেন্ট পুতিন তার বাহিনীর পারমাণবিক অস্ত্রের বহরকে ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দেন।