ইংলিশ চ্যানেলে রুশ জাহাজ আটকে দিয়েছে ফ্রান্স
ফ্রান্সের নৌবাহিনী ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে।
জাহাজটি রাশিয়ার পিটার্সবুর্গে যাচ্ছিল বলে জানায় বিবিসি।
ফ্রান্সের কর্মকর্তারা বিবিসিকে বলেন, ‘‘ইউক্রেইনে আক্রমণের কারণে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার আওতায় রাশিয়ার জাহাজটি আটকে দেওয়া হয়। সেটিকে ফ্রান্সের বুলন-সু-মেহ বন্দরে পাঠিয়ে দেয়া হয়েছে।
‘‘রাশিয়ার ওই জাহাজটির নাম ‘বাল্টিক লিডার’। সেটিতে গাড়ি পরিবহন করা হচ্ছিল। ফ্রান্সের নৌবাহিনী জাহজটিকে রাতভর আটকে রাখে এবং ঘিরে রেখে ফ্রান্সের বুলন-সু-মেহ বন্দরে নিয়ে যায়।”
তারা আরো বলেন, ‘‘ফ্রান্স সরকারের অনুরোধে জাহাজটিকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়ার যে কোম্পানির পণ্য ওই জাহাজে যাচ্ছিল সেটি ইইউর নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ফ্রান্সে সীমান্তরক্ষীরা পণ্যবাহী জাহাজটি পরীক্ষা করে দেখছে। জাহাজের ক্রুরা সহযোগিতার মনোভাব দেখাচ্ছেন।”
কেন তাদের জাহাজ আটকে দেওয়া হয়েছে, ফ্রান্সে রাশিয়ার দূতাবাস থেকে ফরাসী কর্মকর্তাদের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে খবর দিয়েছে রুশ সংবাদ সংস্থা রিয়া।
