চেরনোবিলে তেজস্ক্রিয়তা বেড়েছে: ইউক্রেইনের পরমাণু সংস্থা
পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বেড়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের পারমাণবিক সংস্থা।
সংস্থাটির বিশেষজ্ঞরা তেজস্ক্রিয়তা ছড়ানোর সঠিক মাত্রা জানাতে না পারলেও শুক্রবার বলেছেন, রুশ বাহিনীর ভারি সামরিক সরঞ্জাম নড়াচড়া হওয়ার কারণে ওই এলাকায় তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে মিশছে।
ইউক্রেইনের পারমাণবিক জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বলছে, চেরনোবিল এলাকায় উচ্চ মাত্রার গামা তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে।
ইউক্রেইন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার তুমুল লড়াইয়ের পর পারমাণবিক কেন্দ্র ও এর আশপাশের এলাকার দখল নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, রাশিয়ার সেনারা সম্ভাব্য কোনওরকম উসকানি ঠেকাতে কেন্দ্রটিকে সুরক্ষিত রাখছে।
রুশ বাহিনীর আগ্রাসনে চেরনোবিল বিপর্যয় ঘটতে পারে বলে শুক্রবার সতর্ক করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট্ ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার জেনারেল কোনাশেনকভ পরমাণু কেন্দ্রটির তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন।
ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, কেন্দ্রটি দখলের বিষয়ে তাদেরকে অবহিত করেছে ইউক্রেইন। তাছাড়া, কেন্দ্রটিতে কোনও হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি ঘটেনি বলেও জানানো হয়েছে।
কিয়েভে ১৯৮৬ সালে বিশ্বের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল এই চেরনোবিলে। একটি পারমাণবিক চুল্লি বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে ইউরোপজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল।
