পুতিনকে ‘তিক্ত স্বাদ’ পেতে হবে: রাশিয়ার আগ্রাসনে বিশ্বে ক্ষুব্ধ প্রতিক্রিয়া
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রধান পশ্চিমা দেশগুলো। রাশিয়া ‘ইউরোপে যুদ্ধ ফিরিয়ে আনছে’ বলে অভিযোগ করেছে তারা।
জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার এই ‘মারাত্মক ভুলের’ জন্য ‘তিক্ত স্বাদ’ পেতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইন যুদ্ধে বিপর্যয়কর জীবনহানির আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন, মিত্রদেশগুলো রাশিয়ার ওপর গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করবে।
পূর্ব ইউরোপে শরণার্থীর ঢেউ সামাল দেওয়া নিয়ে শঙ্কা বাড়ছে। চীনসহ অন্যান্য দেশগুলো রাশিয়ার আগ্রাসন নিয়ে মৌন আছে। কয়েকটি দেশ আবার ইউক্রেইনে নিজ নিজ নাগরিকদের নিরাপত্তা দিকটিতে মনোনিবেশ করেছে।
তবে বিশ্বের দেশগুলার একটি বড় অংশই একযোগে সুর মিলিয়ে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেছে এবং নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইইউ রাশিয়ার তীব্র সমালোচনা করেছে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “প্রেসিডেন্ট পুতিন রক্তক্ষয় ও ধ্বংসের পথ বেছে নিয়েছেন। উস্কানি ছাড়াই হামলা করেছেন।” ওদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশ করে খুব দ্রুতই নেটোর একটি বৈঠক ডেকেছেন।
ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে আরও অনেক দেশ। তার মধ্যে আছে ইতালিও। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রাশিয়ার হামলাকে ‘অন্যায়, অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
পরবর্তীতে আরও কি ঘটতে চলেছে তা নিয়েও ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। ইউক্রেইনের প্রতিবেশী দেশগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে অনেক দেশই নিজ নিজ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেও সচেষ্ট হয়েছে।
লিথুনিয়া জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে নেটোকে সেনা উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছে। দক্ষিণের দিকের দেশ মলদোভাও একইরকম ডিক্রি জারি করেছে।
ইউক্রেইন সীমান্তে গাড়ির ভিড় বাড়ার খবর পাওয়া যাচ্ছে। মলদোভা বলেছে, তারা কয়েক হাজার শরণার্থী নেবে। রোমানিয়া বলেছে, তারা অর্ধলক্ষ শরণার্থী নিতে পারে। পোল্যান্ড শরণার্থী নেওয়ার জন্য রিসিপশন পয়েন্ট বসাচ্ছে। তারা রাশিয়াকে হামলার অবসান ঘটিয়ে ইউক্রেইন থেকে সরে যেতে বলেছে।
বিতর্কিত কিছু অঞ্চল নিয়ে ২০০৮ সালে রাশিয়ার সঙ্গে লড়াই করা জর্জিয়া ইউক্রেইনকে সমর্থন দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য রাশিয়ার হামলা শোচনীয় পরিণতি ডেকে আনবে বলে জর্জিয়া সতর্ক করেছে।
ওদিকে, রাশিয়ার মিত্র বেলারুশ বলেছে, তারা সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। তবে প্রয়োজন হলে বা অনুরোধ পেলে ইউক্রেনে রুশ অভিযানে বেলারুশের সেনারা অংশ নিতে পারে। এই সংকটের সময় বেলারুশ রাশিয়ার সেনাদের সহায়ক হয়েছে। অভিযানের অংশ হিসাবে রুশ সেনারা বেলারুশ থেকে ইউক্রেইনে ঢুকেছে।
ইউক্রেইন বলছে, রাশিয়া অনেক দিক থেকে পুরোদস্তুর হামলা চালাচ্ছে। তবে তাদের হামলার বিস্তারিত এবং হতাহতের সংখ্যা এখনও পরিষ্কার জানা যাচ্ছে না। ওদিকে, পুতিন ইউক্রেইনে বিশেষ সামরিক অভিযানের কথা বলেছেন। তবে সামগ্রিকভাবে তার লক্ষ্য কী তা এখনও পরিষ্কার না।
ইউক্রেইন নেটো সদস্য তুরস্ককে রাশিয়ার জাহাজ চলাচলে ব্যাহত করতে বসফরাস প্রণালীসহ আরও একটি প্রণালী বন্ধের অনুরোধ জানিয়েছে। তুরস্ক ইউক্রেইনের এই অনুরোধ বিবেচনা করবে বলে জানিয়েছে এবং ইউক্রেইনের আঞ্চলিক অখন্ডতাকে সমর্থন করেছে।
ওদিকে, ইউক্রেইন সংকটে চীন কিভাবে সাড়া দেবে তা নিয়ে বিশ্বে ব্যাপক কৌতুহল আছে। চীনের পররাষ্ট্রন্ত্রণালয় অবশ্য বলেছে, তারা চটজলদি কোনও উপসংহার টানবে না। চীনের ঊধ্র্বতন কুটনীতিক বলেছেন, ওয়াং ই বলেছেন, চীন রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বোঝে।
যুক্তরাষ্ট্রের প্রভাবকে খর্ব করার জন্য চীন এবং রাশিয়ার এখন একটি কৌশলগত সম্পর্ক আছে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক চলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের মধ্য দিয়ে সে সম্পর্ক আরও পোক্ত হয়েছে।
অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছে এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আন্তর্জাতিক প্রচেষ্টায় সামিল হওয়ার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়া বলেছে, তারা ইতোমধ্যেই আরোপিত নিষেধাজ্ঞার আওতা আরও বাড়াবে।
“রাশিয়ার সহিংস,জঘন্য, অগ্রহণযোগ্য আচরণের জন্য তাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে” বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
ওদিকে, ভারত ইউক্রেইনে তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত। যদিও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পরে সম্ভাব্য একজন মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে কথা বলতে পারেন।
ইরান ইউক্রেইন সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবিলম্বে পুতিনকে মানবতার খাতিরে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি খসড়া প্রস্তাব আনা হচ্ছে; যাতে রাশিয়াকে অবিলম্বে, পুরোপুরি, নিঃশর্তে ইউক্রেইন থেকে সরে যাওয়ার দাবি জানানো হবে। যদিও এই প্রস্তাবনায় ভেটো দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে।
