পূর্ব ইউক্রেইনে সেনা মোতায়েনে রাশিয়ার পার্লামেন্টের সবুজ সংকেত
পূর্ব ইউক্রেইনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চলে রুশ সেনাবাহিনী মোতায়েনে পার্লামেন্টের সবুজ সংকেত পেয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসি জানায়, মঙ্গলবার পুতিন পার্লামেন্টের কাছে রাশিয়ার বাইরে সেনা মোতায়েনের অনুমতি চান, যা নিয়ে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে মঙ্গলবারই ভোট হয় এবং ভোটে পুতিনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর মধ্য দিয়ে ইউক্রেইনের ডনবাস অঞ্চলে সেনাবাহিনী পাঠানোর আনুষ্ঠানিক অনুমতি পেলেন পুতিন। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান এ বিষয়ে বলেছেন, তারা আশা করছেন রুশ সেনাবাহিনী সেখানে ‘শান্তিরক্ষার’ কাজ করবে।
প্রেসিডেন্ট পুতিনও এর আগে একই কথা বলেছেন। পুতিন সোমবার আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল, স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্র ও লুহানস্ক গণপ্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। ওই দুই অঞ্চল একসঙ্গে ডনবাস নামে পরিচিত।
‘শান্তিরক্ষা কার্যক্রমের’ যুক্তিতে রাশিয়ার ডনবাসে সেনা মোতায়েনের বিষয়টিকে ‘ফালতু কথা’ বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
