২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে দুই দশকে ১৭০ মানবাধিকার কর্মী আটক ও হয়রানির শিকার

ভিয়েতনাম সরকারের বিরুদ্ধে ১৭০ জনের বেশি মানবাধিকার কর্মীকে গত দুই দশকে নানাভাবে হেনস্তা এবং গৃহবন্দি করে রাখার অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 12:44 AM

Updated : 28 Apr 2022, 11:41 PM

বিবিসি জানায়, বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ ৬৫ পাতার একটি নতুন প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে অধিকারকর্মীদের আন্দোলনের স্বাধীনতাকে ‘নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলে আবদ্ধ করার’ কৌশলের অবসান ঘটানোর দাবিও জানানো হয়।

ভিয়েতনামের একদলীয় কমিউনিস্ট সরকার বিরোধী মতকে কঠোরহস্তে দমন করে এবং সমালোচকদের নিয়মিত জেলে যেতে হয়। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, তারা ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভিয়েতনাম কর্তৃপক্ষের আরোপ করা অসংখ্য বিধিনিষেধের ঘটনা নিয়ে তদন্ত করেছে।

তদন্তে তারা দেখতে পেয়েছে, ভিয়েতনাম সরকার সমাজকর্মীদের দেশের ভেতর এবং বিদেশে ভ্রমণে বাধা দেন। তাদের বিমানবন্দর ও সীমান্ত গেটে আটকে দেওয়া হয়। এমনকি তাদের পাসপোর্ট এবং ভ্রমণের জন্য প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দেওয়া হয় না। দেশের ভেতরেও তাদের স্বাধীন চলাফেরায় বাধা সৃষ্টি করা হয়।

সমাজকর্মীরা অভিযোগ করেন, তাদের বাড়ির বাইরে সাদা পোশাকের পুলিশ পাহারা দেয় বা সরকার থেকে প্রতিবেশী গুণ্ডাদের ভাড়া করে তাদের বাড়ির সামনে পাহারায় রাখা হয়। কখনো কখনো তারা নিজেদের বাড়িতে বন্দি অবস্থায় পান। তাদের বাড়ির দরজা বাইরে থেকে তালা দিয়ে রাখা হয়।

এমন একটি ঘটনার শিকার সমাজকর্মী হুইন কুং থুয়ান। ভূমি অধিকার আন্দলনের সঙ্গে জড়িত এই আইনজীবী কারাগারে রাজনৈতিক বন্দিদের মামলাও লড়েন। তিনি বিবিসি-কে বলেন, ২০১৬ সালে তার বাইরে বের হওয়া আটকাতে তার বাড়ির দরজা সুপারগ্লু দিয়ে আটকে দেওয়া হয়েছিল।

এছাড়া, ২০২১ ‍সালে অধিকার আন্দোলনকর্মী নুয়েন তুই হানকে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সম্মেলনের আগে ১০ দিন গৃহবন্দি করে রাখা হয়। তখন ফেইসবুকে তিনি লেখেন, ‘‘দলের সম্মেলন উপলক্ষে কর্তৃপক্ষ রাজধানী হ্যানয়ে অসংখ্য সেনা মোতায়েন করেছে। এরপরও তাদের মনে স্বস্তি নেই।”

‘‘তারা নির্লজ্জভাবে আমাদের, ওই সব নাগরিকদের আন্দোলনের অধিকারকে ছিনতাই করেছে, যারা কোনো আইনই লঙ্ঘন করেনি এবং সম্মেলনের পুরোটা সময় পুলিশ আমাদের নিজ বাড়িতে বন্দি করে রেখেছে।”

গৃহবন্দি করে রাখার ফলে ওই সব আন্দোলনকর্মীরা কোনো বিক্ষোভ, আদালতের শুনানি, বিদেশি কূটনীতকদের সঙ্গে বৈঠক করতে পারেননি।

হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে ভিয়েতনাম সরকারকে দ্রুত দেশটিতে আন্দোলনের বিরুদ্ধে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার এবং আইন সংশোধনের মাধ্যমে নাগরিকদের স্বাধীনভাবে দেশে ও বিদেশে ভ্রমণের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থাটির এশিয়া বিষয়ক উপ পরিচালক ফিল রবার্টসন বলেন, ‘‘ভিয়েতনাম সরকারের আচরণে মনে হয় তারা কিছু কিছু মানুষের মানবাধিকার বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের অধিকার বা বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করার অধিকারকে অপরাধ বলে গণ্য করে।”

ভিয়েতনাম সরকার অবশ্য বার বার তাদের মানবাধিকারের রেকর্ড নিয়ে সাফাই গায়। গত বছর দেশটি জাতিসংঘের মানবাধিকার পরিষদের ২০২৩-২০২৫ মেয়াদের সদস্য হওয়ার জন্য আবেদনও করেছে।