২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে প্রচণ্ড বৃষ্টিতে ৩৪ জনের প্রাণহানি

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে পার্বত্য অঞ্চলের পেট্রোপলিস শহরে প্রচণ্ড বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের প্রাণহানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 09:42 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

বুধবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সরকার। শহরের রাস্তাঘাট বন্যার পানিতে সয়লাব হয়ে গেছে। ভূমিধস কয়েকজনের মৃত্যু ডেকে এনেছে।

রাশিয়া সফররত প্রেসিডেন্ট জাইর বোলসোনারো টুইটারে বলেছে, তিনি শহরের মানুষজন এবং ঝড়ে ক্ষতির শিকার হওয়াদের সাহায্য করার জন্য মন্ত্রীদেরকে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে রিও ডি জেনিরোর গভর্নর ক্লডিও ক্যাস্ট্রো পেট্রোপলিসে যান। টুইটার একাউন্টে তিনি লেখেন, “এ মুহূর্তে আমরা পেট্রোপলিসে প্রয়োজনীয় সব সহায়তা নিয়ে কথা বলছি।”

ভিডিওতে এক বিবৃতিতে ক্যাস্ট্রো বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ব্যবস্থা হয়ে গেলে তবেই আমি শহর ছেড়ে যাব।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফরে রয়েছেন বোলসোনারো। সেখান থেকে তিনি বলেন, শহরটির জন্য সহায়তা নিশ্চিত করতে আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী রোজেরিও মারিনহো এবং অর্থমন্ত্রী পাওলো গুয়েদেসের সঙ্গে তার কথা হয়েছে।

ডিসেম্বর থেকে প্রচণ্ড বৃষ্টিতে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সাও পাওলো রাজ্যে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস হয়েছে। দুর্যোগের কারণে ফসল উৎপাদন ব্যাহত হওয়াসহ মিনাস গেরেইস রাজ্যে খনি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।