ঘূর্ণিঝড় বাতসিরাই: মাদাগাস্কারে নিহতের সংখ্যা বেড়ে ১২০
ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মাদাগাস্কারে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।
গত শনিবার রাতে দ্বীপটির দক্ষিণপূর্বাঞ্চলে আঘাত হেনেছিল বাতসিরাই, তাতে ওই অঞ্চলের বহু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় ওই অঞ্চলের অনেক সড়ক ডুবে যায় ও বিভিন্ন সেতু অকার্যকর হয়ে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে, এর পাশাপাশি বিদ্যুৎ না থাকায় ঘূর্ণিঝড়ের পর তাৎক্ষণিকভাবে অনেক এলাকার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলো থেকে তথ্য আসতে থাকায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বুধবার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা মৃত্যুর সংখ্যা ৯২ বলে জানিয়েছিল, কিন্তু শুক্রবার সংখ্যাটি ১২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে তারা।
ঘূর্ণিঝড়টি গত রোববার রাতে দ্বীপটি ছেড়ে আফ্রিকার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সময় পেছনে ব্যাপক ধ্বংসের চিহ্ন রেখে যায়। গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি অন্তত এক লাখ ২৪ হাজার মানুষের ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৩০ হাজার মানুষ ঘরবাড়ি হারা হয়ে ত্রাণশিবিরগুলোতে আশ্রয় নেয়।
শুধু এক ইকোনগো জেলায়ই ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।
দুই সপ্তাহের মধ্যে মাদাগাস্কারে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় বাতসিরাই। এর আগে দ্বীপটির আরও উত্তরে ঘূর্ণিঝড় আনার তাণ্ডবে ৫৫ জন নিহত ও এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।
পরপর দুইটি ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফসলহানিতে দেশটিতে আগে থেকেই মারাত্মক খরার কারণে চলা খাদ্যাভাব আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী।
