২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াহাকায় এক সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 02:13 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

এ নিয়ে দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে পঞ্চম সাংবাদিক খুন হলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।।  

পুলিশ কর্মকর্তারা সংবাদমাধ্যম মিলেনিওকে জানিয়েছেন, বৃহস্পতিবার এবের লোপেজ নামের ওই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়।

লোপেজ নোতিথিয়াসওয়েব নামে একটি গণমাধ্যম চালাতেন; তার রেকর্ডিং স্টুডিওতেই তার ওপর হামলা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে আরসিপি নোতিথিয়াস।

ওয়াহাকার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সাংবাদিক হত্যায় জড়িতসন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনও চলছে।

বন্দরনগরী সালিনা ক্রুজের সাংবাদিক লোপেজকে ২০১৯ সালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

নিহত এই সাংবাদিক রাজনীতি ও স্থানীয় সরকারে দুর্নীতি নিয়ে নিয়মিত লেখালেখি করতেন বলে রয়টার্সকে বলেছেন আরসিপি নোতিথিয়াসের পরিচালক রোদলফো কানসেকো।

সম্প্রতি মেক্সিকোয় একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। কেবল জানুয়ারিতেই তিন সাংবাদিক ও এক গণমাধ্যমকর্মী খুন হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সাবেক এক সাংবাদিককেও হত্যা করা হয়েছে।

মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯-র তথ্য অনুযায়ী, মেক্সিকোতে ২০০০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ১৪৫ সাংবাদিক খুন হয়েছে; যা মেক্সিকোকে বিশ্বের মধ্যে সাংবাদিকদের জন্য অন্যতম প্রাণঘাতী দেশে পরিণত করেছে।