২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স চার্লস আবারও কোভিড ‘পজিটিভ’

আবারও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। তার কার্যালয় থেকে টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Feb 2022, 09:46 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

বলা হয়, ‘‘আজ (বৃহস্পতিবার) সকালে প্রিন্স অব ওয়েলসের (চার্লস) কোভিড ‘পজিটিভ’ হওয়ার খবর পাওয়া গেছে এবং তিনি আইসোলেশনে আছেন।”

রানী দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০ বছরপুর্তি উপলক্ষ্যে দক্ষিণপশ্চিমের শহর উইনচেস্টারে একটি অনুষ্ঠানে প্রিন্স চার্লসের যোগ দেওয়ার কথা ছিল।

 কিন্তু কোভিড ‘পজিটিভ’ হওয়ায় তিনি এখন আর ওই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না, যা ‘গভীর হতাশার’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

৭৩ বছরের প্রিন্স চার্লস ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। তার শরীর এখন কেমন আছে এবং ৯৫ বছর বয়সের রানির সঙ্গে তার সর্বশেষ কখন দেখা হয়েছে সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি।

প্রিন্স চার্লস ‘পজিটিভ’ হলেও তার স্ত্রী ক্যামিলা কোভিড ‘নেগেটিভ’।

চার্লস বুধবার ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একটি অনুষ্ঠ‍ানে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানের ছবিতে দেখা যায়, তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলছেন। যে তালিকায় ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি শৌনক এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলও রয়েছেন।

শৌনকের কার্যালয়ের একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কোভিড পরীক্ষা করা হয়েছে এবং ফল ‘নেগেটিভ’ এসেছে।

এর আগে ২০২০ সালের মার্চে কোভিড ‘পজিটিভ’ হয়েছিলেন প্রিন্স চার্লস। সেবার তার শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। গত ডিসেম্বরেই প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নেন।

প্রিন্স চার্লস প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কিছুদিন পর তার বড় ছেলে ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামও কোভিড ‘পজিটিভ’ হয়েছিলেন।