২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইডেনের জয় নিয়ে ভুল বলেছেন ট্রাম্প: পেন্স

সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স চাইলে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় উল্টে দিতে পারতেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 11:52 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

ট্রম্পের এই দাবিকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন পেন্স।

গত রোববার ট্রাম্প বলেছিলেন, মাইক পেন্স যদি চাইতেন তবে তিনি ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের ফল উল্টে দিতে পারতেন।

পরদিন ট্রাম্প আরো বলেন, ক্যাপিটল দাঙ্গা নিয়ে তদন্ত না করে কংগ্রেসের সিলেক্ট কমিটির উচিত পেন্সের বিরুদ্ধে তদন্ত করা।

যার জবাবে ফ্লোরিডার অরল্যান্ডে শুক্রবার কথা বলার সময় পেন্স বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প ভুল বলেছেন। নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার কোনো ক্ষমতা আমার ছিল না। কে প্রেসিডেন্ট হবেন সেটা আমেরিকার জনগণ ঠিক করেন এবং শুধু আমেরিকার জনগণের সেটা ঠিক করার অধিকার রয়েছে।

‘‘এবং ২০২৪ সালে আমরা যখন তাদের হারাবো তখনও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসনের সেই ফল উল্টে দেওয়ার কোনো অধিকার থাকবে না।” 

২০২০ সালের নভেম্বরে হওয়া ভোটের ফলাফল না মানা, বাইডেন ও তার দলের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে করা ট্রাম্পের একের পর মামলার কারণে সেবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করতে দেরি হয়।

ভোটের ফলাফল ঘোষণা এবং বাইডেনের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে গত বছর ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ক্যাপিটলে জড়ো হয়েছিলেন। অধিবেশন চলাকালেই ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালায়। দাঙ্গায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। এছাড়া, ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে ঢুকতে বাধা দিতে গিয়ে আহত এক পুলিশ কর্মকর্তা পরদিন মারা যান।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের দাঙ্গার ঘটনা বিরল। যা হতবাক করেছিল সারা ‍বিশ্বকে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি সিলেক্ট কমিটি ওই দাঙ্গা নিয়ে তদন্ত করছে। কমিটিতে রিপাবলিক দলের মাত্র দুইজন আইনপ্রণেতা রয়েছেন। তারা হলেন লিজ চেনি এবং অ্যাডাম কিনজিনজার।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) অবশ্য চেনি ও কিনজিনজরের কাজ পছন্দ হচ্ছে না।

আরএনসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে ওই দুইজনের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, ‘তারা বৈধ রাজনৈতিক আলোচনায় উৎসাহিত হওয়া সাধারণ নাগরিকদের নিপীড়ন করতে সাহায্য করছেন’।

আরএনসি-র এই বিবৃতিতে মনে হচ্ছে, ক্যাপিটল দাঙ্গাকে তারা বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড বলতে চাইছে।

যদিও আরএনসি প্রধান রন ম্যাকড্যানিয়েল এর ব্যাখ্যা করে বলেছেন, তারা বৈধ রাজনৈতিক আলোচনার কথা বলছেন। যার সঙ্গে ‘ক্যাপিটলে দাঙ্গার কোনো সম্পর্ক নেই’।

উটাহর সল্ট লেক সিটিতে আরএনসি সদস্যদের শীতকালীন বৈঠক হয় এবং সেখানে চেনি ও কিনজিনজারকে দল থেকে সমর্থন না দেয়া প্রস্তাব ১৬৮ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায়।

পরে আরএনসি কমিটি থেকে বলা হয়, তারা চেনি ও কিনজিনজারকে দল থেকে বাদ ‍না দিয়ে বরং ‘এখনই দলের সদস্যদের থেকে তাদের কোনো এবং সব ধরণের সমর্থন পাওয়ার পথ বন্ধ করছে’।

ওই দুই আইনপ্রণেতা অবশ্য ভোটের আগে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

চেনি বলেন, ‘‘রিপাবলিকান পার্টির নেতারা নিজেদের ইচ্ছায় এমন একজনের হাতে জিম্মি হচ্ছেন যিনি স্বীকার করেছেন যে তিনি একটি প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে চেয়েছিলেন এবং ইঙ্গিত দিয়েছেন, ৬ জানুয়ারির ওইসব অপরাধীদের তিনি ক্ষমা করে দিতেন, যাদের কারো কারো বিরুদ্ধে এমনটি রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র করার অভিযোগ আছে।”

তারা দলে ট্রাম্প বিরোধী আরেক নেতার সমর্থনও পেয়েছেন। তিনি হলেন সিনেটর মিট রমনি। এক টুইট বার্তায় রমনি বলেন, ‘‘ওই দলের উপর লজ্জা যারা বিবেকবান ব্যক্তিদের নিন্দা করে, ‍যারা ভয়ঙ্কর ক্ষোভের মুখেও সত্যের সন্ধান করছেন।”