২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দুরবস্থা, ৩০ লাখ কোটি ডলার ছাড়াল জাতীয় ঋণ

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ নতুন এক মাইলফলকে পৌঁছেছে। মোট সরকারি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৩০ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। মার্কিন অর্থমন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 07:14 PM

Updated : 28 Apr 2022, 11:35 PM

সিএনএন জানায়, করোনাভাইরাস মহামারীর এই সময়ে দেশটির সরকারি ঋণের বোঝা বেড়েছে। মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ওয়াশিংটন বেপরোয়াভাবে ব্যয় করেছে।

২০১৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে প্রায় সাত লাখ কোটি ডলার। ২০১৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে প্রায় সাত লাখ কোটি ডলার। কত পরিমাণ ঋণকে খুব বেশি বলা যাবে তা জানা সম্ভব নয়। এটি আসলে কতটা বড় সমস্যা তা নিয়েও অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ আছে।

তবে ঋণের বোঝা এমন এক নাজুক সময়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে, যখন সুদের হার বাড়বে এবং এর বড় ধরনের প্রভাব মার্কিন অর্থনীতিতে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন সুদের হার নিয়ন্ত্রণে রেখেছিল মার্কিন সরকার। কিন্তু এবার তাদের লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। জেপি মর্গান অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রধান বৈশ্বিক কৌশলবিদ ডেভিড কেলি বলেন, “এ সংকট মোটেই স্বল্পমেয়াদী নয়। তবে এর মানে এও নয় যে, আমরা দীর্ঘমেয়াদে আরও গরিব হব।”

আর্থিক চ্যালেঞ্জের বিষয়টিতে সচেতনতা বাড়ানো নিয়ে কাজ করা সংগঠন পিটার জি পিটারসন ফাউন্ডেশন জানায়, আগামী ১০ বছরে শুধুমাত্র সুদের খরচ পাঁচ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে এবং ২০৫১ সালের মধ্যে সব ফেডারেল রাজস্বের প্রায় অর্ধেকে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

২০২০ সালের জানুয়ারিতে ‍যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার আগে কংগ্রেসের বাজেট অফিসের হিসাবে বলা হয়েছিল, দেশের মোট জাতীয় ঋণ ২০২৫ সালের শেষ দিকে ৩০ লাখ কোটিতে পৌঁছাবে। কিন্তু তাদের এই পূর্বাভাসের অনেক আগে গতবছরই মোট ঋণ ৩০ লাখ কোটিতে পৌঁছে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বলছে, গতবছর ডেমোক্র্যাটরা ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের ত্রাণ প্যাকেজ পাস করেছে। অর্থনীতিকে আরও ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া অপরিহার্য ছিল।

কিন্তু মহামারী দীর্ঘায়িত হওয়ায় অর্থনৈতিক অগ্রগতি শ্লথ হয়েছে। মুদ্রাস্ফীতির হার বেড়ে গেছে; ১৯৮০’র দশকের শুরুর দিক থেকে যেমনটি কখনও দেখা যায়নি। সুদের হারও বেড়ে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এসব মিলেই যুক্তরাষ্ট্রের আর্থিক বোঝা আরও বাড়ার উপক্রম হয়েছে।

পিটার জি পিটারসন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, “৩০ লাখ কোটি ডলার ঋণের বোঝা দেশের বিপজ্জনক অর্থনৈতিক পথ পরিক্রমায় স্পষ্টতই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

ঋণের বোঝা আকাচুম্বি হচ্ছে। বিদেশি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দেনা এখন ৮ লাখ কোটি ডলার। যুক্তরাষ্ট্র যাদের বন্ধু ভাবে না, তারাই বেশি অর্থ পায় মার্কিন সরকারের কাছ থেকে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক লড়াই চলছে হরদম। তাদের কাছেই আছে বিস্তর দেনা। চীন এবং জাপান, দু’দেশের কাছেই দশ হাজার কোটি ডলারের ওপর করে দেনা আছে।

আর দেশটির জাতীয় ঋণ স্প্রতি কয়েক দশকে আকাশচুম্বি হয়েছে। ২০০৮ সালের মহামন্দায় অর্থনৈতিক সংকট এবং এরপর মহামারী দু’য়ে মিলে বেড়েছে এই ঋণের বোঝা।