২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুঁড়েঘরে শেকলে বাঁধা নারীর ভিডিও ভাইরাল, চীনে ক্ষোভ

আট সন্তানের জননী এক নারীকে ঘাড়ে শেকল পরিয়ে একটি কুঁড়েঘরে আটকে রাখার এক ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভ সঞ্চার হয়েছে চীনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 11:05 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

টিকটকের মালিকানাধীন দাউয়িন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

বন্দি ওই নারীকে দেখতে যাওয়া এক পুরুষ ভিডিওটি ধারণ করেছেন। আর তিনি যা দেখেছেন তাতে মর্মাহত হয়েছেন, এমনটিও দেখা গেছে ভিডিওতে।

বিবিসি জানায়, ওই নারীকে গরম কাপড় দিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন ওই পুরুষ। তবে ঠিকমতো সেগুলোর উত্তর দিতে পারেননি তিনি।

চীনের নেটিজেনদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তারা ওই নারীকে সহায়তা করার জন্য চীন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

অনেকেই আবার নারী নিপীড়ন এবং চীনের পল্লী অঞ্চলে নারীদের সীমিত অধিকার নিয়ে আলোচনা শুরু করছেন।

পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের জুঝোও গ্রামের ওই নারী কোন পরিস্থিতিতে আট সন্তানের জন্ম দিয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

চীনের পরিবার পরিকল্পনায় কড়াকড়ির মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের নজর এড়িয়ে তিনি এতো সন্তানের জন্ম কীভাবে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

গত শুক্রবার ভিডিওটি পোস্ট করা হয়। এতে দেখা যায়, তীব্র ঠান্ডা আবহাওয়ায় পাতলা পোশাক পরে রয়েছেন ওই নারী। বারবার ঠান্ডা লাগছে কিনা জিজ্ঞেস করা হলেও তিনি কথা বুঝতে পারছিলেন না বলেই মনে হয়েছে।

ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই চীনের গরিব পল্লী এলাকাগুলোতে মানবপাচার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নেটিজেনদের অনেকে এই ঘটনার সঙ্গে ২০০৭ সালের চলচ্চিত্র ব্লাইন্ড মাউনটেইন এর তুলনা টেনে আনছেন। যে সিনেমায় এক তরুণীর অপহৃত হওয়া এবং দাস হিসাবে বিক্রি হয়ে যাওয়ার কাহিনী দেখানো হয়েছে।

তবে কুঁড়েঘরে শেকলে বাঁধা এই নারীর ক্ষেত্রে অপহরণ হওয়া নিয়ে কোনওরকম জল্পনা শুক্রবার এক বিবৃতিতে নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে ওই নারীকে ইয়াং নামে শনাক্ত করা হয়।

এতে আরও জানানো হয়, তিনি (ইয়াং) হুয়ানকু টাউনশিপের ফেং কাউন্টির বাসিন্দা। ১৯৯৮ সালে তিনি স্বামী ডংকে বিয়ে করেন। পরে ইয়াংয়ের মানসিক অসুস্থতা ধরা পড়ে। ডং এর পরিবার স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে, ইয়াং প্রায়ই সহিংস হয়ে উঠতেন।

কিন্তু ওই নারীকে এভাবে শিকল দিয়ে আটকে রাখা এবং তার কল্যাণের দিকটি আমলে না নেওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে নেটিজেনরা।

এরপর রোববার কর্তৃপক্ষ পরিবারটির ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে আরেকটি বিবৃতি দিয়েছে। কর্মকর্তারা বলেছেন, তারা ইয়াংয়ের স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, “ডং আইন ভঙ্গ করেছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছে জননিরাপত্তা কর্তৃপক্ষ।”

ইয়াংকে এখন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং তার ছেলেমেয়েদের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ইয়াংয়ের সিজোফ্রেনিয়া ধরা পড়েছে।