২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির মৃত্যু

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থতায় ভোগার পর মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2022, 01:47 PM

Updated : 28 Apr 2022, 11:26 PM

মঙ্গলবার ৬৫ বছর বয়সে নিজ দেশ ইতালিতে মৃত্যু হয়েছে সাবেক এই সাংবাদিক ও মধ্য-বামপন্থি রাজনীতিকের, জানিয়েছে তার মুখপাত্র ও ইউরোপিয়ান পার্লামেন্টের ওয়াশিংটন দপ্তর।

বিবিসি জানিয়েছে, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় জটিলতা নিয়ে সাসোলি গত মাসে ইতালির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

টুইটারে মুখপাত্র রোবার্তো কুইলো জানান, মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে আভিয়ানো শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

গত বছরের সেপ্টেম্বরে ফ্রান্সের স্থাসবুর্গের একটি হাসপাতালে নিউমোনিয়া সংক্রান্ত গুরুতর জটিলতার চিকিৎসা নিয়েছিলেন সাসোলি। নভেম্বর থেকে ফের রাজনৈতিক দায়িত্বে ফেরেন তিনি।

ইউরোপের পার্লামেন্টে তার স্থলাভিষিক্ত কে হবে তা ঠিক করতে চলতি মাসের শেষদিকে একটি ভোটের পরিকল্পনা আগেই ছিল; প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচন করতে চান না বলে সাসোলিও ইঙ্গিত দিয়েছিলেন।

একসময় টেলিভিশনে খবর পড়া সাসোলি ২০১৯ সালের জুলাইয়ে ৭০৫ আসনবিশিষ্ট ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট হন। এই পদকে ২৭ সদস্যবিশিষ্ট ইউরোপের প্রভাবশালী জোটের অন্যতম শীর্ষ পদ ধরা হয়। প্রেসিডেন্ট মূলত পার্লামেন্টের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন এবং পার্লামেন্টের কর্মকাণ্ড দেখভাল করেন।

নির্বাচনী দৌড়ে তিন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সাসোলি প্রেসিডেন্ট হয়েছিলেন; এরপর দেওয়া ভাষণে ইউরোপীয় ইউনিয়নকে এর প্রতিষ্ঠাতাদের চেতনায় ফিরিয়ে নেওয়ার ডাক দেন, যারা যুদ্ধ ও জাতীয়তাবাদের বদলে ‘শান্তি’ ও ‘সাম্য’কে বেছে নিয়েছিলেন।

তিন দশক সাংবাদিকতা করার পর ২০০৯ সালে সাসোলি ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য হন। তিনি ছিলেন মধ্য-বামপন্থি প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটসের সদস্য। ইউরোপীয় পার্লামেন্টে এটি দ্বিতীয় বৃহত্তম শক্তি।

“অনেক বড় ধাক্কা ও ক্ষতি। আমি গভীরভাবে শোকাহত,” সাসোলির মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় টুইটারে এমনটাই লিখেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ইসমাইল এরতাগ।

সাসোলির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো আরেক এমপি পাওলো বরশিয়া বলেছেন, (সাসোলির) মৃত্যুর খবরে তিনি ‘স্তম্ভিত’।