২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে পিএলএ সেনাদলের দায়িত্ব পেলেন চীনা জেনারেল পেং

হংকংয়ে অবস্থান করা চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সেনাদলের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন চীনের শিনজিয়াং অঞ্চলের সাবেক পুলিশ প্রধান পেং জিনত্যাং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2022, 08:49 PM

Updated : 28 Apr 2022, 11:25 PM

পিএলএ-র একজন মুখপাত্রের বরাত দিয়ে রোববার রাতে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি এ খবর জানিয়েছে। পেং ইতোপূর্বে চীনের আধাসামরিক পুলিশ বাহিনী ‘দ্য পিপলস আর্মড পুলিশ’ এর উপ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তার নতুন নিয়োগপত্রে সই করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস জানায়, পেং এর আগে শিনজিয়াংয়ে আর্মড পুলিশ ফোর্স এর চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন; যে শিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীগুলোর ওপর চীনের গণহত্যা চালানোর অভিযোগ আছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের। তবে বেইজিং নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে।

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চীনা সেনাবাহিনী পিএলএ-র সেনাদল মোতায়েন রয়েছে। যদিও হংকংয়ে তারা খুবই ছোট পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করে। এশিয়ার বাণিজ্য নগরী হংকংয়ের নিজস্ব সংবিধান এবং আইনসভা রয়েছে। শুধুমাত্র মৌলিক কিছু আইন, প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্কের ‍বিষয়গুলো নিয়ন্ত্রণ করে বেইজিং।

সিসিটিভি-র খবরে বলা হয়, হংকংয়ে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়ে পেং বলেন, তিনি এবং তার দল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও প্রেসিডেন্ট শির আদেশ মেনে দায়িত্ব পালন এবং জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করবেন।

সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং কে ১৯৯৭ সালে চীনের হাতে তুলে দেওয়া হয়। তখন চীন হংকংয়ে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু এখন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা বলছেন, বেইজিং সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না। হংকংয়ের পূর্ণ স্বায়ত্ত্বশাসনের দাবিতে তাই সেখানে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দমন করতে গত বছর জুনে হংকংয়ে নতুন একটি আইন চালু করে চীন।