২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: অস্ট্রেলিয়ায় শনাক্ত রোগী ১০ লাখ ছাড়াল

মাত্র এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখেরও বেশি নতুন আক্রান্ত নথিবদ্ধ করার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2022, 12:22 PM

Updated : 28 Apr 2022, 11:26 PM

দেশটির অধিকাংশ অংশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে এবং সরবাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া প্রায় ৫৫ হাজার নতুন রোগী শনাক্ত করার কথা জানিয়েছে, এতে অস্ট্রেলিয়ায় মোট কোভিড-১৯ সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে যায়। প্রায় দুই বছর আগে দেশটিতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল।

দেশটির অন্য রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকাগুলো দিনের পরবর্তী সময় তাদের শনাক্ত নতুন রোগীর সংখ্যা জানাবে।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত দুই হাজার ৩৮৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তবে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় বর্তমান ওমিক্রন ঢেউয়ের মধ্যে মৃত্যুর হার এখনও কম। ১৬ বছর উর্ধ ৯২ শতাংশ জনগণকে টিকার দুটি ডোজ দেওয়া ও বুস্টার কর্মসূচী জোরদারও এক্ষেত্রে ভূমিকা রেখে থাকতে পারে।

মহামারীর প্রথমদিকে কঠোর লকডাউন ও কড়াকড়িভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করার মাধ্যমে কোভিড রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু এখন জনগণের অধিকাংশকেই টিকার আওতায় আনার মাধ্যমে করোনাভাইরাসকে সঙ্গে নিয়ে জীবনযাপন করা শুরুর পর দেশজুড়ে রেকর্ড সংক্রমণ শুরু হয়েছে।

সংক্রমণ বাড়ার মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ায় কয়েকটি রাজ্য ফের বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে আইসোলেশনের নিয়ম অথবা লোকজনের অসুস্থতার কারণে কর্মী সংকটের প্রভাব ব্যবসায় পড়তে শুরু করেছে। 

কর্তৃপক্ষ কোভিড রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকজনের জন্য বাধ্যতামূলক আইসোলেশনের সময় কমিয়েছে এবং ঘনিষ্ঠ সংস্পর্শের সংজ্ঞাও সংক্ষিপ্ত করেছে।

সোমবার থেকে দেশটি পাঁচ থেকে ১১ বছর বয়সী ২৩ লাখ শিশুকে ফাইজারের কোভিড টিকা দেওয়া শুরু করেছে।

অস্ট্রেলিয়ার কঠোর সীমান্ত নীতি ফের আলোচনায় এসেছে টেনিস তারকা নোভাক জোকোভিচকে টিকার বাধ্যবাধকতা শিথিল করে দেওয়া ভিসা কর্তৃপক্ষ বাতিল করার পর। দেশটির কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে জোকোভিচের অস্ট্রেলিয়া থাকার লড়াই সোমবার আদালতে গড়িয়েছে। 

পুরুষদের টেনিসে বিশ্বের ১ নম্বর খেলোয়ার জোকোভিচ যুক্তি দেখিয়ে বলেছেন, সম্প্রতি তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন, তাই অস্ট্রেলিয়ায় আসা সব ভ্রমণার্থীকে টিকার দুই ডোজ নেওয়ার যে বাধ্যবাধকতা তা থেকে চিকিৎসাজনিত অব্যাহতি পান তিনি।