২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজাখস্তানের সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

দেশদ্রোহীতার সন্দেহে কাজাখস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা সংস্থা জানিয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 09:48 PM

Updated : 28 Apr 2022, 11:24 PM

শনিবার ন্যাশনাল সিকিউরিটি কমিটি করিম মাসিমভকে আটকের কথা জানায়। বুধবার প্রেসিডেন্ট কাসেম-জোমার্ট তোকায়েভ বরখাস্ত করার আগ পর্যন্ত মাসিমভ এই সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন। তিনি এই গোয়েন্দা সংস্থার প্রধান থাকার সময়ই কাজাখস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তোকায়েভের দপ্তর জানিয়েছে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে দেশের পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন।

কাজাখস্তানে শৃঙ্খলা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) অধীনে দেশটিতে রাশিয়া ও চারটি সাবেক সোভিয়েত রিপাবলিক সেনা পাঠিয়েছে। সিএসটিওর নেতাদের একটি ভিডিও কল বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তোকায়েভ। ক্রেমলিন বলেছে, পুতিন তার এ প্রস্তাবে সায় জানিয়েছেন। তবে বৈঠকটি কখন হবে তা পরিষ্কার হয়নি।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯০ দশকের প্রথমদিকে স্বাধীন হয় খনিজ তেল ও ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ কাজাখস্তান। তারপর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় গত এক সপ্তাহে দেশটিতে বহু মানুষ নিহত হয়েছেন, দেশজুড়ে সরকারি ভবনগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং কয়েক হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। 

এসব ঘটনাকে ‘ডাকাত’ ও ‘সন্ত্রাসীদের’ হামলা বলে উল্লেখ করে এগুলো থামাতে হামলাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট তোকায়েভ।  

শুক্রবার তিনি বলেছেন, উস্কানিদাতারা বৃহত্তম শহর আলমাতি ও দেশজুড়ে হামলার চালানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল রাষ্ট্র তখন ‘ঘুমাচ্ছিল’। মাসিমভের গ্রেপ্তার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যাদের দায়ী বলে মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত আমলের কেজিবিকে পাল্টে তৈরি করা গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্বপালন ছাড়াও মাসিমভ দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৯ সালে তোকায়েভের কাছে প্রেসিডেন্টের দায়িত্বভার ছাড়ার আগে নাজারবায়েভ তিন দশক ধরে দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

প্রথমে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হলেও পরে তা তোকায়েভের রাশিয়া সমর্থিত সরকার ও ৮১ বছর বয়সী নাজারবায়েভের বিরুদ্ধে বিস্তৃত আন্দোলনে রূপ নেয়। নাজারবায়েভের নামে প্রথম অংশ বহনকারী রাজধানী নুরসুলতানের ওপর সাবেক নেতার পরিবার তাদের প্রভাব ধরে রেখেছেন বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।  

কয়েকদিনের সহিংসতার পর শুক্রবার কাজাখস্তানের প্রধান শহর আলমাতির রাস্তাগুলোর ওপর নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে, এমন ধারণা পাওয়ার কথা জানিয়েছে রয়টার্স।

শনিবার শহরটির কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও পেট্রল পাম্প ফের খুলেছে। ২০ লাখ বাসিন্দার শহরটির রাস্তায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। শহরটির প্রধান চত্বরের আশপাশে কখনো কখনো গুলির শব্দ শোনা গেলেও পরিস্থিতি শান্তই আছে।