কাজাখস্তানে রুশ সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের
কাজাখস্তানে চলমান সহিংস অস্থিরতা মোকাবেলায় দেশটি রুশ সামরিক সহায়তা চাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
জ্বালানির মূল্যবৃদ্ধিতে দানা বেঁধে ওঠা বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক ডজন নিহত হলেও ব্লিনকেনের মতে, কাজাখ সরকার নিজেরাই পরিস্থিতি সামাল দিতে পারতো বলে যুক্তরাষ্ট্র মনে করে।
এরপরও কেন দেশটিতে রুশ সেনা মোতায়েন করা লাগলো, তা স্পষ্ট নয়, বলেছেন তিনি।
রাশিয়ার নেতৃত্বাধীন প্রায় আড়াই হাজার সেনার মধ্যে কিছু এরই মধ্যে কাজাখস্তানে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।
মস্কোর কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, কাজাখস্তানে তাদের সেনা মোতায়েন হয়েছে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) অধীনে। এই মোতায়েনও সাময়িক সময়ের জন্য।
সিএসটিওতে রাশিয়ার সঙ্গে সাবেক ৫ সোভিয়েত প্রজাতন্ত্র জোটবদ্ধ।
কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতির মেয়র কার্যালয়ে বিক্ষোভকারীদের হানা ও শহরটির বিমানবন্দর হাতছাড়া হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট কাসেম-জোমার্ট তোকায়েভ সিএসটিও-র সহায়তা চান।
এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ব্লিনকেন সতর্ক করে দিয়ে বলেন, “সাম্প্রতিক ইতিহাসের একটি শিক্ষা হচ্ছে, যথন রাশিয়ানরা আপনার ঘরে যায়, তখন কখনো কখনো তাদেরকে বিদায় করা মুশকিল হয়ে পড়ে।
“আমার মনে হয়, কাজাখ প্রশাসন ও সরকারের বিক্ষোভ মোকাবেলার সক্ষমতা ছিল, যেখানে বিক্ষোভকারীদের অধিকারের প্রতি সম্মান জানিয়েই আইন-শৃঙ্খলা বজায় রাখা যেত। এ কারণেই এটা স্পষ্ট নয় যে, কেন তারা বাইরের সহযোগিতা প্রয়োজন বলে মনে করল। আমরা এ বিষয়ে আরও জানার চেষ্টা করছি।”
রাশিয়ান প্যারাট্রুপারদের কয়েকটি ইউনিট এরই মধ্যে কাজাখস্তানে পৌঁছেছ, বিক্ষোভকারীদের হাত থেকে বিমানবন্দরের দখল পুনরুদ্ধারে শুক্রবার তারা কাজাখ বাহিনীকে সহায়তাও করেছে বলে জানিয়েছে বিবিসি।
বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত ২৬ ‘সশস্ত্র অপরাধী’ ও নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়; প্রেসিডেন্ট তোকায়েভ এই চলমান এই অস্থিরতার জন্য ‘বিদেশি সন্ত্রাসীদের’ দায় দিয়েছেন।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য দ্বিগুণ হওয়ার পর গত সপ্তাহের রোববার থেকে কাজাখস্তানে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি মোকাবেলায় পরে দেশটির সরকার ৬ মাসের জন্য এলপিজির আগের দাম ফিরিয়ে আনার পদক্ষেপ নিলেও বিক্ষোভ থামেনি, উল্টো রাজনৈতিক নানা অসন্তোষ যুক্ত হয়।
