২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা না নেওয়ারা ঘরের বাইরে এলেই গ্রেপ্তারের হুমকি দুতের্তের

যারা কোভিড-১৯ এর টিকা নেননি, তারা যদি ঘরে থাকার নির্দেশ অমান্য করেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2022, 03:16 PM

Updated : 02 Aug 2022, 02:30 PM

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বৃহস্পতিবার তিনি এ হুমকি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দুতের্তে জানান, তিনি বিভিন্ন এলাকার নেতাদেরকে টিকা না নেওয়াদের উপর নজর রাখতে এবং তারা যেন ঘরের ভেতর থাকে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

“যদি ওই ব্যক্তি তা মানতে রাজি না হন, যদি তিনি ঘরের বাইরে যান, এলাকায় ঘুরে বেড়ান, তাহলে তাকে আটকানো হবে, যদি তিনি তাও না মানেন দায়িত্বপ্রাপ্তদেরকে অবাধ্য ওই ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে,” বলেছেন তিনি।

বৃহস্পতিবার ফিলিপিন্সে ওমিক্রনে আক্রান্তসহ মোট ১৭ হাজার ২২০ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; ২৬ সেপ্টেম্বরের পর দেশটি আর কখনোই এত রোগী দেখেনি।

মঙ্গলবারও দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে এর এক তৃতীয়াংশের কম রোগী শনাক্ত হয়েছিল।

সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ফিলিপিন্সে শনাক্ত কোভিড রোগী সংখ্যা ২৮ লাখ ৮০ হাজার পেরিয়ে গেল। দেশটিতে কোভিডে মৃত্যুও ৫১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

“ফিলিপিন্সের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও ভালো রাখার দায় আমার,” বলেছেন দুতের্তে।

গত বছর পর্যন্ত ফিলিপিন্সের ৪ কোটি ৯৮ লাখ মানুষ কোভিড টিকার সবগুলো ডোজ পেয়েছেন; এ সংখ্যা ১১ কোটি জনসংখ্যার দেশটির ৪৫ শতাংশ।

এখনকার নিয়ম অনুযায়ী, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা অঞ্চলে টিকা না নেওয়ারা কেবল জরুরি প্রয়োজনেই ঘরের বাইরে বের হকে পারছেন।

উল্টোপাল্টা কথা বলার জন্য দুতের্তের খ্যাতি আছে। গত বছর তিনি টিকা নিতে অস্বীকৃতি জানানোদের জেলে পাঠানো বা শরীরে পশু চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

তবে তার সাম্প্রতিক হুমকিতে কোভিড-১৯ এর ঊর্ধ্বগতি নিয়ে ফিলিপিন্সের সরকার যে বেশ উদ্বিগ্ন, তাই প্রকাশ পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংক্রমণের ঊর্ধ্বগতি দেশটির স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর নতুন চাপ সৃষ্টি করবে বলেও আশঙ্কা তাদের।

ফিলিপিন্সে এখন পর্যন্ত অন্য দেশ থেকে আসা ও স্থানীয়ভাবে সংক্রমিত মিলিয়ে ওমিক্রনে আক্রান্ত ৪৩ জন শনাক্ত হয়েছে, যা দেশটির সরকারকে নতুন বিধিনিষেধের দিকে ধাবিত করেছে।