২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা না নেওয়াদের ‘মাথা খারাপ করে দিতে’ চান ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার দেশের যে নাগরিকরা এখনও কোভিডের টিকা নেননি তাদের ‘মাথা খারাপ করে দিতে’ চান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 05:42 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

দেশটিতে ৪ মাসেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে ম্যাক্রোঁ অংশ নেবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা না এলেও তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রবল। জনমত জরিপগুলোতেও ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকার চিত্র মিলছে।

এর মধ্যই মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে টিকা না নেওয়াদের একহাত নেন ম্যাক্রো।

“যারা টিকা নেননি, আমি সত্যিই তাদের মাথা খারাপ করে দিতে চাই। শেষ পর্যন্ত এটা আমরা অব্যাহত রাখবো, এটাই কৌশল,” সংবাদমাধ্যম লো পারিজিয়াকে দেওয় সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত বছর ফ্রান্সে হেলথ পাসের প্রচলন হয়, যার কারণে কোভিড শনাক্তকরণ পরীক্ষার ‘নেগেটিভ’ ফল বা টিকা নেওয়ার প্রমাণপত্র ছাড়া দেশটিতে কেউ রেস্তোরাঁ, ক্যাফে বা অন্য কোনো ভেন্যুতে ঢুকতে পারছেন না।

ফ্রান্সের সরকার এখন এই হেলথ পাসকে ‘ভ্যাকসিন পাসপোর্টে’ রূপান্তরিত করতে চাইছে, যা হলে কেবল টিকা নেওয়ারাই ওই হেলথ পাস পাবেন।

“আমি টিকা না নেওয়াদের কারাগারে পাঠাবো না। জোর করে টিকা দিতে চাই না। তাদেরকে জানাতে চাই, ১৫ জানুয়ারি থেকে আপনারা আর রেস্তোরাঁয় যেতে পারবেন না, কফি খেতে পারবেন না, সিনেমা-থিয়েটারে যেতে পারবেন না,” বলেছেন ম্যাক্রোঁ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধীরা টিকা না নেওয়াদের প্রতি ম্যাক্রোঁর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। এর আগেও ফ্রান্সের প্রেসিডেন্টের অনেক ‘আলগা কথার’ ব্যাপক সমালোচনা হয়েছে।

“একজন প্রেসিডেন্টের এমনটা বলা উচিত নয়। ইমানুয়েল ম্যাক্রোঁ তার দায়িত্বের যোগ্য নন,” টুইটারে বলেছেন কট্টর ডানপন্থি রাজনীতিক মেরি লো পেন।

বছরের প্রথম এ বিস্তারিত সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এপ্রিলে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তার আগ্রহের কথাও জানিয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বিতা করছেনই, এমনটা নিশ্চিত করেননি তিনি।

“আমি অংশ নিতে চাই,” বলেছেন তিনি।

ম্যাক্রোঁ খোলাসা না করলেও সহযোগীরা অবশ্য এর মধ্যেই তাকে আরেকদফা প্রেসিডেন্ট করতে প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন, জানিয়েছে রয়টার্স।