ক্যাপিটল হিলে হামলার বর্ষপূর্তি পালন করবেন বাইডেন
যুক্তরাষ্টের ক্যাপিটল হিলে হামলার এক বছর পূর্তি পালন করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা প্রাণঘাতী ওই হামলাটি চালিয়েছিলেন।
৬ জানুয়ারি, বৃহস্পতিবার মার্কিন গণতন্ত্রের জন্য কলঙ্কজনক ওই হামলার এক বছর পূর্তি হচ্ছে। এদিন এক ভাষণে ‘গণতন্ত্রের জন্য হুমকিগুলোর বিষয়ে’ দেশবাসীকে সতর্ক করবেন বাইডেন।
অপরদিকে ট্রাম্প একইদিন একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করলেও পরে তা বাতিল করেন, তবে তিনি ফের ডেমোক্র্যাটদের ও গণমাধ্যমকে আক্রমণ করে কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
নির্বাচনে ব্যাপক জালিয়াতির ফলে তার পরাজয় হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তার সমর্থকরাও একই কথা বলে বেড়াচ্ছেন।
১৮১২ সালে হওয়া যুদ্ধের পর ক্যাপিটল হিলে গত বছরের জানুয়ারির হামলাটি সবচেয়ে মারাত্মক হলেও সহিংসতার এ ঘটনাটিকে ট্রাম্প খাটো করে দেখানোর চেষ্টা করেছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
ট্রাম্পের এসব মিথ্যা দাবির জবাব বাইডেন দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “যা ঘটেছে তার সত্যতা তুলে ধরবেন প্রেসিডেন্ট, সেই মিথ্যা নয় যেগুলি তখন থেকে কেউ কেউ ছড়িয়েছে আর আইনের শাসন এবং আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য বিপদ ডেকে এনেছে।”
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র ক্যাপিটল হিলে বক্তৃতা করবেন বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এক বছর আগে ট্রাম্পের হাজার হাজার সমর্থক ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ইলেক্টরাল কলেজের ভোট গণনা বন্ধের ব্যর্থ চেষ্টা চালিয়েছিল। এই ভোট গণনার মধ্য দিয়েই ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
এদিকে ১৫ জানুয়ারি অ্যারিজোনায় ট্রাম্প একটি সমাবেশে একই বিষয়ে বক্তব্য দেবেন জানিয়ে পূর্ব নির্ধারিত ৬ জানুয়ারির সংবাদ সম্মেলনটি বাতিল করেছেন।
তবে ট্রাম্প কেন সংবাদ সম্মেলনটি বাতিল করেছেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।
একটি বিবৃতিতে ট্রাম্প ৬ জানুয়ারি হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একটি তদন্তকে "পক্ষপাতিত্বেভরা এবং অসততা" বলে আখ্যায়িত করেছেন। সে সঙ্গে গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি।
ট্রাম্প হামলার তদন্তকারী হাউস কমিটির তদন্তের ‘রেকর্ড প্রকাশে বাধা দেওয়ার জন্য’ লড়াই চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পসহ তার সমর্থকরা ৬ জানুয়ারির হামলাকে অহিংস প্রতিবাদ উল্লেখ করে ‘বামপন্থীদের’ ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
