২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার লাতাকিয়া বন্দরে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার লাতাকিয়া সমুদ্রবন্দরের কনটেইনার স্টোরেজ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি মাসে এমন জায়গায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা বলে জানিয়েছে সিরিয়ার গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2021, 11:34 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

তবে হতাহতের বিষয়ে সিরিয়ার গণমাধ্যমের খবরে কিছু বলা হয়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে লাতাকিয়ার কনটেইনার গুদাম লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নেভানোর কাজ করছে বলে লাতাকিয়া দমকল বিভাগের প্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সানা। বিমান হামলা যে কন্টেইনারগুলো লক্ষ্য করে চালানো হয়েছে সেগুলোতে তেল এবং গাড়ির জন্য যন্ত্রাংশ ছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে কন্টেইনার এলাকায় আগুনের শিখা এবং ধোঁয়া দেখা গেছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে লাতাকিয়ায় প্রায়ই বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইরানপন্থি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা মূলত ইসরায়েলের হামলার লক্ষ্য।

ইরান সমর্থিত বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহরা গত দশক ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে মোতায়েন রয়েছে।