২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সবচেয়ে পুরোনো মানবাধিকার গোষ্ঠী বন্ধের নির্দেশ

রাশিয়ায় সবচেয়ে পুরোনো এবং সুপরিচিত মানবাধিকার গোষ্ঠী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2021, 10:17 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

সোভিয়েত ‍যুগে যেসব লাখো নিরীহ মানুষ নিপীড়িত হয়েছে, বন্দি হয়েছে কিংবা মৃত্যুদণ্ডে প্রাণপাত করেছে তাদের নিয়ে কাজ করে আসছে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই মানবাধিকার গোষ্ঠী।

গোষ্ঠীটির ওয়েবসাইটে বলা আছে, ওইসব মানুষের ভাগ্যে আসলেই কী ঘটেছিল সেই ইতিহাস খুঁড়ে সত্যকে সামনে নিয়ে আসা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোই মেমোরিয়াল ইন্টারন্যাশনালের লক্ষ্য।

তবে গতমাসে রাশিয়ার কৌসুলিরা এই মানবাধিকার গোষ্ঠীকে ‘জনগণের জন্য হুমকি’ হিসাবে চিত্রিত করেছেন। গোষ্ঠীটি রাশিয়ার ‘বিদেশি এজেন্ট’ সংক্রান্ত আইন লঙ্ঘন করছে অভিযোগে তারা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ভেঙে দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানান।

কৌসুলিদের অভিযোগ, এই মানবাধিকার গোষ্ঠী পশ্চিমাদের অর্থায়নে সোভিয়েত যুগের ‘গৌরবজ্জ্বল অতীতকে’ তুলে না ধরে বরং অপরাধগুলোকেই সামনে নিয়ে আসছে। সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ইউএসএসআর-এর মিথ্যা ছবি তৈরি করছে, হোয়াইটওয়াশ করছে এবং নাৎসী অপরাধীদের পূর্নর্বাসিত করছে।

বিবিসি জানায়, মঙ্গলবার আদালত কৌসুলিদের আর্জির পক্ষেই রায় দিয়েছে। মেমোরিয়াল বন্ধ হওয়া উচিত বলে রায় দেয় আদালত। রাশিয়ায় মানবাধিকার কর্মী, স্বাধীন গণমাধ্যম এবং বিরোধীদলের সমর্থকদের ওপর ধারাবাহিক দমনপীড়নের সর্বশেষ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে এই রায়কে।

রায়টি পড়ে শোনানোর সময় আদালতকক্ষে এবং পরে আদালত ভবনের গেটের বাইরে মেমোরিয়ালের সমর্থকদেরকে লজ্জ্বা! লজ্জ্বা! বলে চীৎকার করতে দেখা গেছে। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও রাশিয়ার সুপ্রিম কোর্টের রায়ের নিন্দা জানিয়েছে।

অতি সম্প্রতি রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামলে সমালোচকদের ওপর নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলেছিল মেমোরিয়াল। গোষ্ঠীটি তাদের বিরুদ্ধে আনা অভিযোগে করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছে।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে রাশিয়া এবং ইউরোপীয় মানবাধিকার আদালতে আবেদন করা হবে বলে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানিয়েছেন মেমোরিয়ালের এক আইনজীবী।