২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যু

অস্ট্রেলিয়ায় প্রথমারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স ৮০ বছর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Dec 2021, 10:24 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই মৃত্যু সম্পর্কে কর্তৃপক্ষ আর বেশিকিছু জানায়নি । তবে বলেছে, একটি বৃদ্ধনিবাসে ওই ব্যক্তি ভাইরাস আক্রান্ত হয়েছিলেন এবং সিডনি হাসপাতালে তিনি মারা যান।

সরকারের প্রকাশিত একটি ভিডিওতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য বিভাগের মহামারী বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেন, “করোনাভাইরাসের উদ্বেগজনক ওমিক্রন ধরনে নিউ সাউথ ওয়েলস রাজ্যে এই প্রথম একজনের মত্যুর খবর জানা গেল।”

অস্ট্রেলিয়ায় দৈনিক ভাইরাস সংক্রমণ সর্বোচ্চে থাকার মধ্যে সেখানে ওমিক্রনে মৃত্যুর ঘটনা ঘটল। তবে এরপরও হাসপাতালে রোগী ভর্তির হার কম হওয়ায় নতুন করে কোনও কোভিড বিধি আরোপ করেনি কর্তৃপক্ষ।

দেশটিতে আগের দিন কোভিড-১৯ মারা যাওয়া ৭ জনের মধ্যে আছেন ৮০ বছর বয়সী ওই ব্যক্তি। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, অস্ট্রেলিয়াজুড়ে নতুন কোভিড শনাক্ত হয়েছে ১০,১৮৬ জনের।

মহামারী শুরুর সময় থেকে দেশটিতে এই প্রথম করোনাভাইরাস শনাক্তের মোট সংখ্যা ১০ হাজারের ওপরে গেছে। নতুন আক্রান্তদের বেশির ভাগই নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যের।

অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডে নতুন কোভিড শনাক্ত হয়েছে ৭৮৪ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪ জন। রাজ্যটির প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়তে দেখলেও…এর প্রভাবে আমাদের হাসপাতালগুলোতে চাপ পড়তে দেখছিনা।”