সপ্তাহের শুরুতেই বাতিল আরও হাজারো ফ্লাইট, দুর্ভোগে যাত্রীরা
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে নতুন সপ্তাহের শুরুতেই বিশ্বব্যাপী বাতিল হয়েছে আরও হাজার হাজার ফ্লাইট। এতে বড়দিনের উৎসবের এই সময়ে ভ্রমণ পরিকল্পনা থাকা হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
গত শুক্রবার থেকেই ফ্লাইট বাতিল হচ্ছে। তখন থেকে এ পর্যন্ত বড়দিনের ছুটির টানা চারদিনে বিশ্বে ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বড়দিনের আগে শুক্রবার সকালের মধ্যেই বিশ্বব্যাপী বাতিল হয়েছে ২ হাজারের বেশি ফ্লাইট। শনিবার বাতিল হয়েছে ২,৮০০ ফ্লাইট। নতুন সপ্তাহের শুরুতে রোববার বাতিল হয় প্রায় ২,২০০ ফ্লাইট এবং সোমবার বাতিল হয়েছে ১,৪০০’র বেশি ফ্লাইট।
যুক্তরাষ্ট্র রোববার ১ হাজার ৩০০’র বেশি ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে মিলিয়ে বাতিল হয়েছে ১,৩১৮ টি বাণিজ্যিক ফ্লাইট। সোমবারেও সবচেয়ে বেশি বাতিল হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স এদিন বাতিল করেছে ৮৪ টি ফ্লাইট এবং জেটব্লু বাতিল করেছে ৬৬ টি ফ্লাইট। তাছাড়া, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড, জেটব্লু এবং ডেল্টা এয়ারলাইনসের বেশ কিছু ফ্লাইটের যাত্রায়ও দেরি হয়েছে এবং বেশ কিছু জাহাজের যাত্রাও বাতিল করা হয়েছে।
ওদিকে, চীনের চায়না ইস্টার্ন সোমবার ৩৬৮ টি এবং এয়ার চায়না ১৪১ টি ফ্লাইট বাতিল করেছে। তাছাড়া, বেইজিং এবং সাংহাই বিমানবন্দরের প্রায় ৩০০ ফ্লাইট বাতিল হয়ে গেছে। চীনের উত্তরাঞ্চলীয় জিয়ান শহরে ১২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শহরের বাসিন্দাদেরকে সব ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের ক্রুরা কোভিড পজিটিভ হওয়া এবং আইসোলেশনে থাকার কারণে ফ্লাইট বিঘ্নিত হচ্ছে। হংকং সেদেশে পৌঁছানো কয়েকজন ভ্রমণকারীর কোভিড পজিটিভ পাওয়ায় দু’সপ্তাহের জন্য দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওজ সোমবার ৪২ টি ফ্লাইট বাতিল করেছে। আর লন্ডনের হিথ্রো বিমানবন্দর বাতিল করেছে ৪৭ টি ফ্লাইট।
যুক্তরাষ্ট্র গত সপ্তাহেই জানিয়েছিল, ফ্লাইট ক্রুরা কোভিড পজিটিভ হওয়া এবং সেলফ-আইসোলেশনে যাওয়ার কারণে স্টাফের স্বল্পতা দেখা দিয়েছে। তবে কেবল কোভিডই নয়, এর সঙ্গে যোগ হয়েছে খারাপ আবহাওয়াও। তুষারপাতের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
