২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠছে ম্যান্ডেলার কারাকক্ষের চাবি, সরকারের আপত্তি

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনের অদূরেই রোবেন দ্বীপ। এ দ্বীপেই ২৭ বছরের কারাজীবনের মধ্যে ১৮ বছর কাটিয়েছেন বর্ণবাদ-বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। জেলখানায় তার সেই ঐতিহাসিক কারাকক্ষের চাবি এখন নিলামে উঠছে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার এ নিলাম বন্ধের দাবি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2021, 07:00 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের গুয়ার্নসে নিলাম হাউজ জানুয়ারিতে চাবিটি নিলাম করতে চলেছে। যে ব্যক্তি চাবিটি বিক্রি করছেন, তিনি হলেন ক্রিস্টো ব্র্যান্ড। তিনি ওই কারাগারের প্রহরী ছিলেন। কারারক্ষীর দায়িত্বে থাকা ক্রিস্টো ব্র্যান্ড পরে হয়ে উঠেছিলেন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধুও।

গুয়ার্নসে নিলাম হাউজ বলেছে,ম্যান্ডেলার সমাধিস্থলের চারপাশে একটি স্মৃতি উদ্যান ও জাদুঘর নির্মাণের তহবিল সংগ্রহের জন্য তারা ২৮ জানুয়ারিতে এ নিলামের আয়োজন করেছে।

তবে ম্যান্ডেলার কারাকক্ষের চাবিই শুধু নয়, তার ব্যবহার করা বাইসাইকেল, চিত্রকর্ম দ্য লাইটহাউস এমনকী তার ব্যবহৃত টেনিস খেলার সামগ্রীও নিলামে তোলা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিমন্ত্রী নাথি মথেথওয়া এতে আপত্তি জানিয়ে বলেছেন, সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই এ নিলামের আয়োজন করা হয়েছে। তাছাড়া, ম্যান্ডেলার কারাকক্ষের চাবির মালিক দক্ষিণ আফ্রিকার জনগণ, এ চাবি কারও ব্যক্তিগত সম্পদ নয় বলেও মন্ত্রী মন্তব্য করেন।

১৯৯০ সালে জেল থেকে মুক্ত হয়ে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসবে দায়িত্ব নেন ম্যান্ডেলা। এক মেয়াদে দায়িত্ব পালন করে ১৯৯৯ সালে পদত্যাগ করেন তিনি। ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান অবিসংবাদিত এই নেতা।