২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং নির্বাচনে চীনপন্থিদের ঢালাও জয়, পশ্চিমা উদ্বেগ উড়িয়ে দিল চীন

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের আইনসভা নির্বাচনে ঢালাওভাবে জয় পেয়েছে চীনপন্থিরা। এতে হংকংয়ে গণতন্ত্র ভুলুণ্ঠিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। তবে চীন তা উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 07:13 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

বিবিসি জানায়, গত রোববার অনুষ্ঠিত ওই নির্বাচনে আইনসভার ৯০% এর বেশি আসন চলে গেছে চীনপন্থিদের দখলে; অর্থাৎ, ৯০ আসনের ৮২ টিই জিতে নিয়েছেন চীনপন্থি প্রার্থীরা।

চীন-বিরোধী প্রার্থী নির্বাচিত হয়েছেন মাত্র একজন। বাকিদের রাজনৈতিক পটভূমি জানা যায়নি। তাছাড়া, কয়েকদশকের মধ্যে এ নির্বাচনে সবচেয়ে কম ভোটার উপস্থিতিরও রেকর্ড হয়েছে।

হংকংয়ের ৪৫ লাখ ভোটারের মধ্যে মাত্র ৩০.২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। ২০১৬ সালের হংকং নির্বাচনে ভোটারদের যে উপস্থিতি ছিল তার তুলনায় এই হার প্রায় অর্ধেক। সেবার বেশি আসনে জয়লাভ করেছিল গণতন্ত্রপন্থিরা। আর এবার উল্টে গেছে সেই চিত্র।

চীন হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন চালু করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিতর্কিত ও আমূল সংস্কার সাধনের পর সেখানে এটিই এ ধরনের প্রথম ভোট।

গতবছর জুলাইয়ে কঠোর সমালোচনা ও বিরোধিতা উপেক্ষা করে হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন পাস করে চীনা পার্লামেন্টের সংসদীয় কমিটি। আইনসভাকে পাশ কাটিয়ে নিরাপত্তা সংক্রান্ত যে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয় এ আইনে।

এরপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে এবছর মার্চে হংকংয়ের নির্বাচন ব্যবস্থাও সংস্কার করে চীন। গণতন্ত্রপন্থিরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের সুযোগ কমিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে হংকংয়ের জন্য 'দেশপ্রেমিক' আইন পাস করে চীন।

এটি এমন এক পদ্ধতি যেখানে পার্লামেন্টের এমপি প্রার্থীদেরকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং চীনপন্থি একটি প্যানেল এই পরীক্ষা নিয়ে নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করে। এভাবে প্রার্থীদেরকে নিজেদের ‘দেশপ্রেমিক’ প্রমাণ করে নির্বাচনে অংশ নিতে হয়।

চীনের ভাষ্য, হংকংয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে এই সমস্ত আইন কানুন প্রয়োজন। কিন্তু সমালোচকরা বলছেন, এতে হংকংয়ে গণতন্ত্র দূর্বল হয়ে পড়ছে।

সোমবার এক বিবৃতিতে চীন ‘হংকংয়ের বৈশিষ্ট্যমন্ডিত গণতন্ত্রের’ রূপরেখা দিয়েছে। হংকংয়ের আইনসভার নির্বাচনী ফল প্রকাশের কয়েক ঘণ্টা পর চীন সরকার এক শ্বেতপত্রে বলেছে, বেইজিং যেসব পরিবর্তন নিয়ে এসেছে তাতে হংকং এখন ‘শৃঙ্খলায় প্রত্যাবর্তনের’ নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। 

ওদিকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা হংকংয়ের নির্বাচনের সমালোচনা করেছেন। চীনের নতুন নতুন নিয়মের কারণে হংকংয়ে এখন আর ‘কোনওরকম অর্থপূর্ণ রাজনৈতিক বিরোধিতার ঠাঁই নেই’ বলে মন্তব্য করেছেন তারা।

জি৭ এবং ইউরোপীয় ইউনিয়নও আলাদাভাবে হংকং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হংকংয়ে ‘গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং স্বাধীনতার ধারক-বাহকদের ওপর অযাচিত দমনপীড়ন’ বন্ধ করার জন্য চীনকে আহ্বান জানিয়েছে তারা।

তবে চীন তাতে আমল না দিয়ে উল্টো পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হংকংয়ের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করেছে। মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ার চীনা দূতাবাস নিন্দা জানিয়ে বলেছে, “এই দেশগুলো (ফাইভ আইজ) সত্যকে উল্টে দিচ্ছে। হংকংয়ের রাজনীতি, চীনের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে এবং চীনের উন্নয়ন বিঘ্নিত করছে।”

দূতাবাস আরও বলেছে, "হংকং হচ্ছে চীনের হংকং। কীভাবে হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা সুরক্ষিত রাখতে হবে তা সবচেয়ে ভাল জানে বেইজিং এবং হংকং কর্তৃপক্ষ।” হংকংয়ের নির্বাচন, অবাধ সুষ্ঠু হয়েছে এবং হংকং সমাজের সবারই এতে সমর্থন ছিল বলেও চীনা দূতাবাস সাফাই গেয়েছে।