যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রী ফ্রস্টের পদত্যাগ
যুক্তরাজ্যের ব্রেক্সিট-বিষয়ক মন্ত্রী ডেভিড ফ্রস্ট পদত্যাগ করেছেন। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের সাম্প্রতিক ‘ভ্রমণ নির্দেশনা নিয়ে উদ্বেগ’ থেকে তিনি পদত্যাগ করেন।
যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাওয়া জনসনের জন্য ফ্রস্টের পদত্যাগ এক বড় ধরনের ধাক্কা।
তার পদত্যাগের ফলে ব্রেক্সিট-সম্পর্কিত বিষয়গুলোর ভবিষ্যৎসহ নর্দার্ন আয়ারল্যান্ড সংক্রান্ত আলোচনা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া, তার পদত্যাগ জনসনের কনজারভেটিভ সরকারেও অশান্তির লক্ষণ হয়ে দেখা দিয়েছে।
জনসনের ব্রেক্সিট কৌশলের মূল কারিগর ফ্রস্ট। ব্রেক্সিট আলোচনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। জনসনকে লেখা একটি চিঠিতে ফ্রস্ট বলেন, “প্রধানমন্ত্রী কোভিড সামাল দিতে জবরদস্তিমূলক পদক্ষেপ নিতে ব্রতী হবেন না বলেই তিনি আশা করেছিলেন।”
জনসন এ সপ্তাহের প্রথম দিকে ওমিক্রন ধরনের বিস্তার ঠেকানোর পদক্ষেপ নিয়ে তার নিজ দলেরই এমপি’দের কাছ থেকে বিরোধিতার মুখে পড়েছিলেন। আর ব্রেক্সিট মন্ত্রী ফ্রস্ট পদত্যাগপত্র জমা দেন এক সপ্তাহ আগেই।
‘দ্য ডেইলি মেইল’ এর রোববারের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, জনসন সরকারের কোভিড সংক্রমণ রোধের বিধিমালা নিয়ে দ্বিমতের জেরে ডেভিড ফ্রস্ট পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে পদত্যাগপত্র দিলেও নতুন বছর পর্যন্ত থাকতে রাজি হয়েছিলেন তিনি।
কিন্তু পরে প্রধানমন্ত্রী জনসনকে দেওয়া চিঠিতে ফ্রস্ট লেখেন, এখন জানুয়ারিতে পদত্যাগের পরিকল্পনা জানাজানি হয়ে গেছে। তাই তিনি এ মহূর্তেই পদত্যাগ করছেন।
চিঠিতে ফ্রস্ট আরও লেখেন, ব্রেক্সিট নিরাপদে সম্পন্ন হয়েছে বলে তিনি আত্মবিশ্বাসী। কিন্তু সরকারের দিকনির্দেশনা নিয়ে তিনি উদ্বেগের মধ্যে ছিলেন। চিঠিটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ও বাসভবন ডাউনিং স্ট্রিট।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) দিনগুলোর সেই টালমাটাল সময়ে প্রধানমন্ত্রী জনসনের অসাধারণ নেতত্বের প্রশংসা চিঠিতে করেছেন ফ্রস্ট।
কিন্ত এখনকার এই সময়ে ভ্রমণ সংক্রান্ত দিকনির্দেশনা নিয়ে ফ্রস্টের যে উদ্বেগ, সেটি প্রধানমন্ত্রীর অজানা নয়- চিঠিতে সেকথাও বলেছেন ফ্রস্ট। তার মতে, যুক্তরাজ্যের কোভিডের সঙ্গেই মানিয়ে চলা শিখে নেওয়া প্রয়োজন।
ইইউ থেকে সরে আসার পর এবার ফ্রস্টের প্রত্যাশা একটি স্বল্প নিয়ন্ত্রিত, কম ট্যাক্স, উদ্যোক্তা বান্ধব, আধুনিক বিজ্ঞান এবং জনবান্ধব অর্থনীতি। দ্রুতই যুক্তরাজ্য সঠিক পথে ফিরে আসবে এবং কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নিতে প্রলুব্ধ হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
