যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার এ মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্কাই নিউজ এ খবর দিয়েছে।
জনসন জানান, যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালেও ভর্তি হচ্ছে।
পশ্চিম লন্ডনে একটি টিকাদান কেন্দ্র সফরকালে সাংবাদিকদের তিনি বলেন, "দুঃখের সঙ্গেই জানাচ্ছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষজন হাসপাতালে যাচ্ছে এবং অন্তত একজন রোগীর মৃত্যু হয়েছে।"
এই সংক্রমণ থেকে বাঁচতে মানুষজনের জন্য টিকার বুস্টার ডোজ নেওয়াই সবচেয়ে ভাল উপায় উল্লেখ করে জনসন বলেন, ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত না।
বিশ্বে যুক্তরাজ্য সরকারই প্রথম সরকারিভাবে ওমিক্রনে একজনের মত্যুর খবর জানাল।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বর্তমানে ইংল্যান্ডের হাসপাতালে প্রায় ১০ জন রোগী ভর্তি থাকার কথা স্কাই নিউজকে জানানোর পরপরই এই ধরনে একজন রোগীর মৃত্যুর এই খবর এল।
প্রধানমন্ত্রী বরিস জনসনও একদিন আগেই দেশবাসীকে ওমিক্রনের ঢেউ দেখা দেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।
পশ্চিম লন্ডন সফরে গিয়েও জনসন জানান, লন্ডনে কোভিড আক্রান্তদের ৪০ শতাংশই এখন ওমিক্রন সংক্রমিত। আর হাসপাতালেও রোগী ভর্তি বাড়ছে।
গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় যুক্তরাজ্যে। এই ধরনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
টিভিতে বিরল এক ভাষণে তিনি বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে আগামী কয়েক সপ্তাহে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রোববার তিনি ইংল্যান্ডে প্রাপ্তবয়স্কদেরকে এ মাসের শেষ নাগাদ কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার এক নতুন লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছেন।
ওমিক্রন ঠেকাতে টিকার দুই ডোজই যথেষ্ট নয়, বিশেষজ্ঞরা আগেই এমন কথা বলায় এই ধরন ঠেকাতে বুস্টার ডোজ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলছে, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ সুরক্ষা দেয়।
কিন্তু বুস্টার ডোজের প্রচুর চাহিদার কারণে অনেক লোক একসঙ্গে টিকার জন্য বুকিং দেওয়ার চেষ্টা করায় সোমবার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর ওয়েবসাইট বিপর্যয় ঘটেছে।
তাছাড়া, টেস্ট কিটেরও স্বল্পতা আছে এবং টেস্ট সেন্টারগুলোতেও মানুষকে লস্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। শনিবার যুক্তরাজ্যে টিকার ৫ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
কিন্তু এ মাসের শেষ নাগাদ মমানুষজনকে টিকার বুস্টার ডোজ দেওয়ার নতুন লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে ওমিক্রনের বিস্তার কমাতে প্রতিদিনই দ্বিগুন সংখ্যক মানুষকে টিকা দিতে হবে।
যুক্তরাজ্যে রোববার ১২৩৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, প্রতি দুই-তিনদিনে এই সংখ্যা দ্বিগুন হয়ে যাচ্ছে।
