বিদেশি কর্মীদের রাখতে বিধিনিষেধ শিথিলের ভাবনা জাপানের
অভিবাসনপ্রত্যাশীদের জন্য দুয়ার দীর্ঘদিন বন্ধ করে রাখা জাপান তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে ২০২২ সালের শুরুর দিক থেকে নির্দিষ্ট কিছু খাতে কর্মরত বিদেশিদের অনির্দিষ্টকাল থাকার সুযোগ দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন দেশটির বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার তিনি এ কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপানে ২০১৯ সাল থেকে কার্যকর হওয়া এক আইনের আওতায় ‘বিশেষায়িত দক্ষ কর্মী’ ক্যাটাগরিতে কৃষি, নার্সিং সেবা ও স্যানিটেশনসহ ১৪টি খাতে বিদেশিদের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু হলেও তাতে দেশটিতে সর্বোচ্চ ৫ বছর থাকার সুযোগ মিলত এবং নির্মাণ ও জাহাজনির্মাণ খাত ছাড়া অন্য খাতে কর্মরতরা তাদের পরিবারের সদস্যদের জাপানে নিতে পারতেন না।
বিদেশি কর্মী নিয়োগ দেওয়ায় জাপানি কোম্পানিগুলো যে ইতস্তত ভাব তার পেছনে এসব বিধিনিষেধও অন্যতম কারণ। যে কারণে সরকার এখন এসব বিধিনিষেধ শিথিলের কথা ভাবছে।
ভাবনাটি কার্যকর হলে বিভিন্নু খাতে কর্মরত বিদেশিরা (যাদের বেশিরভাগই চীন ও ভিয়েতনামের নাগরিক) তাদের ভিসার মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ানোর সুযোগ পাবেন এবং তাদের পরিবারের সদস্যরাও জাপানে থাকতে পারবে।
তবে বিধিনিষেধের এ শিথিলতা তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে জাপানের স্থায়ী বাসিন্দা করছে না বলে জোর দিয়ে বলেছেন দেশটির শীর্ষ সরকারি মুখপাত্র হিরোকাজু মাতসুনো।
স্থায়ী বাসিন্দা হতে হলে বিদেশিদেরকে পৃথক আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, বলেছেন তিনি।
জাপানে অভিবাসীদের মেনে নেওয়ার ব্যাপারে এক ধরনের সংকোচ কাজ করলেও ক্রমহ্রাসমান জনসংখ্যায় বৃদ্ধদের আধিক্য এবং শ্রমিকের ব্যাপক ঘাটতি থাকায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য দুয়ার খুলে দিতে চাপও আছে।
২০২০ সালের শেষভাগ পর্যন্ত সাড়ে ১২ কোটির সামান্য বেশি জনসংখ্যার দেশটি ১৭ লাখ ২০ হাজারের মতো বিদেশিকে জায়গা দিয়েছে, যা তাদের কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র আড়াই শতাংশ।
