২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: হাইতির প্রেসিডেন্ট হত্যার সন্দেহভাজনের মৃত্যু

হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়িস হত্যাকাণ্ডের এক সন্দেহভাজন করোনাভাইরাসজনিত জটিলতায় মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 02:34 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

কারা হেফাজত থেকে হাসপাতালের নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে বুধবার তার স্ত্রী জানিয়েছেন।

মারি লেসলি নোয়েল জানান, তার স্বামী সাবেক পুলিশ কমিশনার গিলবার্ট দ্রাগন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সময়মতো একটি কোভিড-১৯ পরীক্ষা করানো ও স্বামীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার চেষ্টায় দুই সপ্তাহ পার করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

নোয়েল বলেন, “শেষ পর্যন্ত আজ বিকালে তাকে হাসপাতালে নেওয়ার অনুমতি পাই আমি আর পথেই তার মৃত্যু হয়। দুই সপ্তাহ ধরে তাকে বের করে আনার চেষ্টা করছিলাম আমি।”

এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও হাইতির স্বরাষ্ট্রমন্ত্রী লিজ কুইতেল কোনো জবাব দেননি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।  

অগাস্টে এক প্রতিবেদনে হাইতির জাতীয় পুলিশ জানিয়েছে, ৭ জুলাই রাতে ময়িসের হত্যাকাণ্ডের সময় অন্যান্য সন্দেহভাজনের সঙ্গে দ্রাগনের যোগাযোগ ছিল এবং এর পরিকল্পনা বৈঠকগুলোতে তিনি অংশ নিয়েছিলেন।

নোয়েল বলেছেন, ঘটনার রাতে তার স্বামী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন এবং তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল।  

পুলিশ তাকে খুঁজছে, এমন কথা জানার পর দ্রাগন স্বেচ্ছায় তদন্তকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।    

“আমি এই বিচার নিয়ে অধীর ছিলাম কারণ তাদের কাছে কী প্রমাণ আছে তা দেখতে চেয়েছিলাম আমি,” বলেন নোয়েল। 

একসময়ের ব্যবসায়ী ময়িস ২০১৭ সালে হাইতির প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়েছিলেন। জুলাইয়ে এক পরিকল্পিত হামলায় নিজ বাসভবনে বন্দুকধারীদের গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছিলেন।

ময়িস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলম্বিয়ার সামরিক বাহিনীর সাবেক একদল কর্মকর্তাসহ তিন ডজনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে হাইতি।