২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথভাবে মহাকাশ আবহাওয়া কেন্দ্র প্রতিষ্ঠা চীন, রাশিয়ার

বিশ্বব্যাপী মহাকাশ আবহাওয়া কেন্দ্র ব্যবস্থা উন্নত করার বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বেইজিংয়ে একটি আবহাওয়া কেন্দ্র প্রতিষ্ঠা করেছে চীন ও রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 02:53 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

বুধবার চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) বিষয়টি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এই চায়না-রাশিয়া কনসোর্টিয়াম (সিআরসি) মহাকাশ আবহাওয়া কেন্দ্রটি সিএমএ, চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন ও রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর হাইড্রোমিটিওরোলজি এন্ড ইনভায়রনমেন্টাল মনিটরিং পরিচালনা করবে বলে চীনের জাতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।

সিএমএ বলেছে, মহাকাশ আবহাওয়ার বিষয়টির সঙ্গে স্যাটেলাইট অপারেশন্স, বিমান চলাচল নিরাপত্তা এবং ভূগর্ভস্থ পাইপ নেটওয়ার্কের সম্পর্ক আছে। 

মহাকাশ আবহাওয়া বিমান পরিষেবার ক্ষেত্রে বিশ্বে চীনের প্রভাব বৃদ্ধিও এই কেন্দ্র প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে সিএমএ।

নিজেদের মহাকাশ কর্মসূচী উন্নয়নের ধারাবাহিকতায় এই কেন্দ্র প্রতিষ্ঠা করল চীন। একটি মহাকাশ স্টেশন নির্মাণের লক্ষ্যে দেশটি এ বছরই নভোচারীদের একটি দল পাঠিয়েছে।   

সিএমএ জানিয়েছে, মহাকাশ আবহাওয়া সংস্থা চালানোর জন্য চীন ইতোমধ্যেই একটি প্রাথমিক কাঠামো তৈরি করেছে যা স্বল্প থেকে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে।