২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিউ জিল্যান্ডে বিরল পেঙ্গুইন

অ্যান্টার্কটিকার বিরল এক অ্যাডেলি পেঙ্গুইনের দেখা মিলেছে নিউ জিল্যান্ড উপকূলে। অন্তত তিন হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এটি নিউ জিল্যান্ডে পৌঁছেছে। উপকূলীয় বাসিন্দারা তার নাম দিয়েছে পিঙ্গু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 08:47 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

হ্যারি সিং নামের এক স্থানীয় বাসিন্দা অ্যাডিলি পেঙ্গুইনটিকে খুঁজে পান। বিবিসি-কে তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম, এটি একটি নরম খেলনা। হঠাৎ পেঙ্গুইনটি তার মাথা নাড়ে। তখনই বুঝতে পারি এটি জীবন্ত পেঙ্গুইন।”

হ্যারি তার ফেইসবুকে পেঙ্গুইনের ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা মনে হয়েছে, পেঙ্গুইনটি দলছুট হয়ে একা হয়ে পড়েছে। হ্যারি বলেন, “এক ঘণ্টার মতো পেঙ্গুইনটি নড়াচড়া করছিল না। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছিল।”

হ্যারি পরে যোগাযোগ করেন উদ্ধারকারীদের সঙ্গে। পেঙ্গুইনটি উদ্ধার না হওয়া পর্যন্ত সময়টা হ্যারি দম্পতি সেটিকে নজরে রাখছিলেন, যেন সে অন্য কোনও প্রাণীর শিকারে পরিণত না হয়।

নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডে পেঙ্গুইন নিয়ে ১০ বছর ধরে কাজ করছেন টমাস স্ট্র্যাক। তিনিই এটিকে বিরল অ্যাডেলি পেঙ্গুইন বলে চিহ্নিত করেন এবং জানান, কেবল অ্যান্টার্কটিকাতেই এই প্রজাতির দেখা পাওয়া যায়।

উদ্ধারকারীরা পেঙ্গুইনটির রক্ত পরীক্ষা করে দেখেছেন তার ওজন স্বাভাবিকের চেয়ে কম। পানিশূন্যতায় ভুগছিল প্রাণীটি। পরে টিউবের মাধ্যমে তরল খাবার খাওয়ানো হয় পেঙ্গুইনটিকে।  এটিকে ব্যাঙ্কস উপদ্বীপের সৈকতে ছেড়ে দেওয়া হতে পারে।

নিউজিল্যান্ড উপকূলে এ প্রজাতির পেঙ্গুইনের দেখা মিলেছিল এর আগে দু’বার- ১৯৬২ এবং ১৯৯৩ সালে। নিউ জিল্যান্ডে অ্যাডেলি পেঙ্গুইনের দেখা মেলা খুবই বিরল। বিশেষজ্ঞরা এমন ঘটনাকে হুমকি হিসাবেই দেখছেন।

ওটাগো বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক ফিলিপ সিডন দ্য গার্ডিয়ানকে বলেন, “আমরা যদি অ্যাডেলি পেঙ্গুইনের এভাবে চলে আসা দেখি, তাহলে আমাদের এটা বোঝা উচিত যে, সমুদ্রে প্রকৃতই কিছু একটা পরিবর্তন ঘটেছে।”

তিনি বলেন, ‘পেঙ্গুইন নিয়ে আমাদের আরও গবেষণা দরকার। পেঙ্গুইনরা কোথায় যাচ্ছে, কী করছে, তাদের সংখ্যার কোনও পরিবর্তন হচ্ছে কিনা- এগুলো থেকে আমরা সমুদ্রের পরিবেশের পরিবর্তন সম্পর্কে জানতে পারব।"