নিকারাগুয়া: টানা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হচ্ছেন ওর্তেগা
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা টানা চতুর্থ মেয়াদে মধ্য আমেরিকার দেশটির শীর্ষপদে থাকার জনরায় পেয়েছেন।
রোববারের নির্বাচনের প্রাথমিক ফলে সাবেক মার্কিস্ট গেরিলা ওর্তেগার সান্দিনিস্তা জোট ৭৬ শতাংশের মতো ভোট পেয়েছে বলে জানিয়েছে নিকারাগুয়ার সুপ্রিম ইলেকটোরাল কাউন্সিল।
তবে সমালোচকদের ভাষ্য, ভোটের আগে আগে শক্তিশালী সব প্রতিদ্বন্দ্বীকে জেলে ঢুকিয়ে ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করে ওর্তেগা নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে আগেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র নিকারাগুয়ার নির্বাচনকাণ্ডে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপিয়ান ইউনিয়ন ও অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের প্রতিনিধিদের নিকারাগুয়ার এবারের নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি দেওয়া হয়নি; দেশটিতে ঢোকার অনুমতি পায়নি বিদেশি সাংবাদিকরাও।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তার দেশ অন্যান্য গণতান্ত্রিক সরকারগলোর সঙ্গে মিলে নিকারাগুয়ার সরকারের ‘অগণতান্ত্রিক কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ, ভিসায় বিধিনিষেধসহ একাধিক সমন্বিত পদক্ষেপ নিয়ে কাজ করছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য দেশ এক বিবৃতিতে বলেছে, এ নির্বাচনের মাধ্যমে নিকারাগুয়ার ‘স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর’ সম্পন্ন হল।
“নির্বাচনটি না হয়েছে অবাধ, না হয়েছে সুষ্ঠু, না প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ,” বলেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।
অন্যদিকে সোমবার সন্ধ্যায় মানাগুয়ার রেভ্যুলেশন স্কয়ারে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় ওর্তেগা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে ‘ইয়াংকি সাম্রাজ্যবাদী’ অ্যাখ্যা দিয়ে তাদের কড়া সমালোচনা করেছেন।
“তারা (যুক্তরাষ্ট্র, ইইউ) সুপ্রিম ইলেকটোরাল কাউন্সিলের প্রধান হতে চায়; নিকারাগুয়ার জনগণের দেওয়া ভোট গুণতে চায়। এমনটা নিকারাগুয়ায় আর হবে না; কখনোই হবে না, কখনোই হবে না,” বলেছেন তিনি।
জেলে থাকা প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের নিয়ে ওর্তেগা বলেন, “তারা নিকারাগুয়ার নয়, তাদের দেশ নেই।”
পশ্চিমারা হুমকি দিলেও কিউবা, ভেনেজুয়েলা ও রাশিয়া ওর্তেগার প্রতি তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে।
“যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশগুলোকে নিকারাগুয়ার নির্বাচনের ফল মেনে না নিতে বলছে, তা অগ্রহণযোগ্য,” বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা নিকারাগুয়ার বিরোধী নেতাদের কারাগারে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হলেও বুয়েনস আইরেস অন্য দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার’ কূটনীতিক রীতি মেনে চলবে।
মেক্সিকো বলেছে, আনুষ্ঠানিক ফল বের না হওয়া পর্যন্ত তারা নিকারাগুয়ার নির্বাচন নিয়ে কোনো ধরনের মন্তব্যে রাজি নয়।
বিরোধী নেতাদের জেলে ভরায় ওর্তেগার সমালোচনা করলেও নিকারাগুয়ার ক্ষেত্রে মেক্সিকো ‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার’ নীতিতেই থাকবে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
রয়টার্স লিখেছে, প্রশ্নবিদ্ধ হলেও এবারের নির্বাচনে জয় নিকারাগুয়ায় ওর্তেগা ও তার স্ত্রী ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর ক্ষমতা আরও সুসংহত করবে।
গত শতকের ৭০-র দশকের একেবারে শেষপ্রান্তে ডানপন্থি সোমোজা ফ্যামিলিকে ক্ষমতা থেকে উৎখাতে ভূমিকা রাখা ওর্তেগা এখন বলছেন, তিনি নিকারাগুয়াকে বিদেশি শক্তির সাহায্যপুষ্ট অসাধু প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে চান। ওই বিদেশি শক্তিগুলো তাকে ক্ষমতাচ্যুত করতে তৎপর বলেও অভিযোগ করে আসছেন তিনি।
সমালোচকরা বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ওর্তেগার সরকার একের পর এক এমন আইন করেছে যা দিয়ে সহজেই সরকারবিরোধী নেতাকর্মীদেরকে ‘দেশবিরোধী’ অ্যাখ্যা দিয়ে বিচারের মুখোমুখি করা যায়।
এবারের নির্বাচনে তার বিরুদ্ধে যে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা স্বল্প পরিচিত এবং তাদের দলগুলোর সঙ্গে সান্দিনিস্তা জোটের ভালো খাতির আছে বলেও অভিযোগ অনেকের।
“আমি যাদেরকে চিনি এমন অনেকেই ভোট দিতে যায়নি, তারা বলছে এটা পাগলামি। তারা যা করছে এটা ভাঁড়ামি,” বলেছেন নিকারাগুয়ার পূর্বাঞ্চলীয় বন্দর ব্লুফিল্ডের নাওমি; ভয়ে নিজের নামের পরের অংশ বলতে রাজি হননি তিনি।
নাওমি এমনটা বললেও নিকারাগুয়ার নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৫ শতাংশ।
গত শতকের ৮০-র দশকে একদফা নিকারাগুয়ার প্রেসিডেন্ট ছিলেন ওর্তেগা; ভোটে হেরে যাওয়ার পর ২০০৭ সাল পর্যন্ত তিনি ছিলেন সরকারবিরোধী শিবিরে।
তার আমলে মধ্য আমেরিকার দেশটির ব্যাপক অর্থনৈতিক উন্নতি হয়েছে, বেড়েছে বেসরকারি বিনিয়োগও। তবে ২০১৮ সালে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর থেকে ওর্তেগাকে তার বিরুদ্ধাচারীদের প্রতি কঠোর হয়ে উঠতে দেখা যায়।
