২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: বিশ্বব্যাপী শনাক্ত রোগী ২৫ কোটি ছাড়াল

পূর্ব ইউরোপের কয়েকটি দেশের রেকর্ড প্রাদুর্ভাবের মধ্য দিয়ে বিশ্বজুড়ে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ২৫ কোটি ছাড়িযে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 04:43 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

করোনাভাইরাসের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টার ঢেউ কমার এবং কয়েকটি দেশে বাণিজ্য ও পর্যটন ফের শুরু হওয়ার পরও শনাক্তের সংখ্যা এ মাইলফলক পার করল।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, গত তিন মাসে দৈনিক শনাক্ত রোগীর গড় সংখ্যা ৩৬ শতাংশ কমেছে, কিন্তু তারপরও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ভাইরাসটি এখনও প্রতি ৯০ দিনে পাঁচ কোটি লোককে আক্রান্ত করছে।

এর বিপরীতে, প্রথম পাঁচ কোটি কোভিড-১৯ রোগীর রেকর্ড হতে প্রায় এক বছর লেগেছিল।

টিকা ও রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে কিছু দেশ ইতোমধ্যেই মহামারীর সবচেয়ে কঠিন পর্যায়টি পার করে এসেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারপরও শীতল আবহাওয়া ও আসন্ন ছুটির দিনগুলোতে বিভিন্ন জমায়েতের কারণে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।

বিশ্বের ২৪০টি দেশের মধ্যে ৫৫টিতে আক্রান্তের সংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে। দুই বছর আগে মহামারী শুরু হওয়ার পর থেকে এখন শনাক্ত রোগীর সংখ্যায় রাশিয়া, ইউক্রেইন ও গ্রিস রেকর্ড পর্যায়ে বা তার কাছাকাছি আছে বলে রয়টার্স জানিয়েছে।

বিশ্বব্যাপী এখন যত আক্রান্তের খবর আসছে তার অর্ধেকেরও বেশি শনাক্ত হচ্ছে ইউরোপের দেশগুলোতে। এই মহাদেশের মধ্যে পূর্ব ইউরোপে টিকা দেওয়ার হার সবচেয়ে কম। হিসাব অনুযায়ী, এখানে প্রতি চার দিনে ১০ লাখ নতুন রোগী শনাক্ত হচ্ছে।

কোভিড-১৯ এর কারণে রেকর্ড মৃত্যু প্রত্যক্ষ করছে রাশিয়া। দেশটির বেশ কয়েকটি অঞ্চল জানিয়েছে, চলতি সপ্তাহে তারা আরও বিধিনিষেধ আরোপ করতে পারে অথবা কর্মস্থলগুলো বন্ধ করার সময় আরও বাড়াতে পারে।