২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে বিক্ষোভে নামা শিক্ষকদের ওপর টিয়ারগ্যাস, ধরপাকড়

সুদানে অভ্যুত্থানের বিরোধিতা করে রাজধানী খার্তুমে গণতন্ত্রপন্থি বিক্ষোভে নামা শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 08:35 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

বহু শিক্ষককে ধরপাকড় করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিবিসি জানায়, গত মাসে সুদানে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে দুইদিনের গণঅসহযোগের প্রথমদিনে বিক্ষোভকারীরা রাতভর ব্যারিকেড স্থাপন করেছে।

সামরিক সরকার পিছু হটে যাক এবং বেসামরিক শাসনের শান্তিপূর্ণ উত্তরণ ঘটুক- এটিই বিক্ষোভকারীদের দাবি।

আরব লিগের মধ্যস্থতাকারীরা সুদানে সংকট নিরসনে আলোচনার জন্য পৌঁছাচ্ছেন। এই সময়টিতেই সেখানে এই বিক্ষোভ সংঘটিত হচ্ছে।

রাজধানী খার্তুম থেকে বিবিসি’র এক সংবাদদাতা জানিয়েছেন, উৎখাত হওয়া প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক গৃহবন্দি আছেন এবং সেনাবাহিনী তাকে তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য চাপ দিচ্ছে।

গতমাসে অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান বেসামরিক সরকার ভেঙে দিয়ে নেতাদেরকে গ্রেপ্তার করে জরুরি অবস্থা জারি করেন।

ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় অনেকেই দুইদিনের গণঅসহযোগ আন্দোলনের কর্মসূচি সম্পর্কে জানতে পারেননি। তবে শিক্ষকরা রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, “আমরা শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে জেনারেল বুরহানের বিরুদ্ধে নীরব অবস্থান কর্মসূচি নিয়েছি। পরে পুলিশ এসে আমাদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে। যদিও আমরা কেবলই ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম।”

রয়টার্স বার্ত সংস্থা জানায়, উত্তর খার্তুমে নিরাপত্তা বাহিনী প্রধান সড়কগুলোতে টহল দিয়েছে। তাদের হাতে ছিল ছড়ি এবং টিয়ার গ্যাস গ্রেনেড।