সমকামী অধিকারকর্মী হার্ভি মিল্কের নামে জাহাজ নামাল মার্কিন নৌবাহিনী
মার্কিন নৌবাহিনীর নতুন একটি জাহাজের নাম রাখা হয়েছে সমকামী অধিকারকর্মী হার্ভি মিল্কের নামে; যাকে গত শতকের পঞ্চাশের দশকে একই বাহিনী থেকে চাকরিচ্যুত হতে হয়েছিল।
সমকামী অধিকারকর্মী হার্ভি মিল্কের নামে জাহাজ নামাল মার্কিন নৌবাহিনীশনিবার সান ডিয়েগোতে ইউএসএনএস হার্ভি মিল্ককে আনুষ্ঠানিকভাবে পানিতে নামানো হয়; এই অনুষ্ঠানে নৌমন্ত্রী কার্লোস ডেল টোরো ও মিল্কের ভাতিজা স্টুয়ার্টও ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
সুপরিচিত নাগরিক অধিকার কর্মীদের নামে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হতে যাওয়া নতুন ৬টি জাহাজের একটি এই ইউএসএনএস হার্ভি মিল্ক। যাদের নামে নতুন জাহাজগুলোর নামকরণ করা হয়েছে, তাদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি আর্ল ওয়ারেন ও খুন হওয়া প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট কেনেডিও আছেন।
মার্কিন নৌবাহিনীতে ডাইভিং অফিসার ও লেফটেনেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মিল্ককে ১৯৫৫ সালে তার সমকামিতা নিয়ে দুই সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর চাকরিচ্যুত করা হয়েছিল।
পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে নিজের সমকামিতার কথা স্বীকার করে নেওয়া প্রথম রাজনীতিবিদদের একজন হিসেবে আবির্ভূত হন; ১৯৭৭ সালে তিনি সান ফ্রান্সিসকোর বোর্ড অব সুপারভাইজার নির্বাচিত হন।
১৯৭৮ সালে ড্যান হোয়াইট নামের সাবেক এক সিটি সুপারভাইজার মিল্ককে গুলি করে হত্যা করে।
শনিবারের অনুষ্ঠানে মার্কিন নৌমন্ত্রী ডেল টোরো বলেন, নৌবাহিনীতে থাকার সময় মিল্ককে তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশকে আড়াল করে রাখতে বাধ্য করা হয়েছিল, যা ঠিক হয়নি।
“দীর্ঘ সময় ধরে লেফটেনেন্ট মিল্কের মতো নাবিকদেরকে আড়ালে থাকতে হয়েছে, কখনো কখনো আরও খারাপ ঘটনাও ঘটেছে, তাদেরকে তাদের অত্যন্ত প্রিয় নৌবাহিনী থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এই অন্যায় আমাদের নৌবাহিনীর ইতিহাসেরই অংশ,” বলেছেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১৬ সালে প্রথম একটি জাহাজের নাম হার্ভি মিল্কের নামে রাখার অভিপ্রায় জানালে অনেকেই এর বিরোধিতা করেছিলেন।
তাদের যুক্তি ছিল, ভিয়েতনাম যুদ্ধের বিরোধী হিসেবে সুপরিচিত মিল্ক সম্ভবত নৌবাহিনীর জাহাজে নিজের নাম দেখতে পছন্দ করতেন না।
