কাবুল বিমানবন্দরে মার্কিন সেনার হাতে তুলে দেওয়া শিশুর খোঁজ এখনও মেলেনি
সিদ্ধান্ত নিতে হয়েছিল মুহুর্তের ভগ্নাংশের মধ্যে। মির্জা আলি আহমাদি আর তার স্ত্রী সুরাইয়া ৫ সন্তানসহ তখন কাবুল বিমানবন্দরের ফটকের বাইরের হুড়োহুড়ি, বিশৃঙ্খলায় খাবি খাচ্ছিলেন।
এ সময় এক মার্কিন সেনা লম্বা পাচিলের উপর থেকে আফগান এই পরিবারের কোনো সাহায্য লাগবে কিনা তা জানতে চান।
বিমানবন্দরের ফটকের বাইরে তখন ব্যাপক ভিড়; দেশ ছাড়তে সবার তাড়া, সবাই যে কোনো উপায়ে আগে ভেতরে ঢুকতে চায়। এই হুড়োহুড়ির মধ্যে দুই মাস বয়সী শিশু সোহাইলকে নিয়ে চিন্তিত মির্জা আর সুরাইয়া তাদের সবচেয়ে ছোট এ সন্তানকে তুলে দেন ওই মার্কিন সেনার হাতে।
তাদের ধারণা ছিল, মাত্র ১৬ ফুট দূরের ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই সোহাইলকে পাচ্ছেন তারা। সেই ভাবনাই কাল হয়ে দাঁড়াল। চোখের আড়াল করার আড়াই মাস পেরিয়ে গেছে, সেই সন্তানকে তারা এখনও পাননি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মির্জা জানান, ১৯ অগাস্ট মার্কিন সেনার হাতে সোহাইলকে তুলে দেওয়ার পরপরই ফটকের বাইরে অবস্থানরত শত শত দেশ ছাড়তে ইচ্ছুক আফগানকে পেছন দিকে ঠেলতে শুরু করেছিল তালেবান সদস্যরা। যে কারণে বিমানবন্দরের পাচিলের অন্য পাশে যেতে যেতে তাদের আধাঘণ্টার বেশি সময় লেগে যায়।
কিন্তু ভেতরে ঢুকলেও সোহাইলকে আর পাননি তারা।
যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা রক্ষী হিসেবে ১০ বছর কাজ করা মির্জা আলি এরপর ভেতরের সব কর্মকর্তাকে তার দুই মাস বয়সী ছেলেকে দেখেছে কিনা, তা জানতে চান। এক সামরিক কমান্ডার তাকে জানান, বিমানবন্দর নিরাপদ না হওয়ায় তাকে সম্ভবত শিশুদের জন্য বানানো বিশেষ কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারা যখন সেখানে যান, দেখেন ওই জায়গাটি ফাঁকা।
“তিনি আমার সঙ্গে পুরো বিমানবন্দর হেঁটে বেড়ান, সব জায়গায় খোঁজেন,” দোভাষীর সাহায্য দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন মির্জা আলি।
যে কমান্ডার তাকে সাহায্য করেছিলেন, তার নাম জানতে পারেননি মির্জা। তিনি ইংরেজি বলতে পারেন না, যোগাযোগর ক্ষেত্রে তাই তাকে দূতাবাসের আফগান সহকর্মীদের সহযোগিতা নিতে হয়েছিল। এভাবেই তিনদিন পেরিয়ে যায়।
“আমি সম্ভবত ২০ জনের বেশি মানুষের সঙ্গে কথা বলেছিলাম। প্রত্যেক কর্মকর্তা, সামরিক হোক কি বেসামরিক, যার সঙ্গেই দেখা হয়েছে, আমি আমার বাচ্চার খোঁজ জানতে চেয়েছি।”
“তারা বলছিল, আমাদের এখানে শিশুদের রাখার অবস্থা নেই,” বলেন মির্জা।
পরে ৩৫ বছর বয়সী মির্জা আলি, ৩২ বছরের সুরাইয়া আর তাদের ১৭, ৯, ৬ ও ৩ বছর বয়সী চার সন্তানকে কাতারের এক ফ্লাইটে তুলে দেওয়া হয়; সেখান থেকে জার্মানি হয়ে তারা যুক্তরাষ্ট্রে নামেন।
যুক্তরাষ্ট্রের কোথাও পুনর্বাসিত হওয়ার অপেক্ষায় থাকা পরিবারটি এখন অন্য আফগান শরণার্থীদের সঙ্গে টেক্সাসের ফোর্ট ব্লিসে আছেন।
মির্জা বলেছেন, সোহাইলকে যেদিন তারা মার্কিন সেনার হাতে তুলে দিচ্ছিলেন, সেসময় আরও অনেক পরিবারকেই কাবুল বিমানবন্দরের পাচিলের উপর থাকা সেনাদের হাতে সন্তানদের তুলে দিতে দেখেছিলেন তিনি।
ডায়াপার পরা এক শিশুকে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে মার্কিন সেনার হাতে তুলে দেওয়ার একটি ভিডিও সেসময় অনলাইনে ভাইরালও হয়ে গিয়েছিল; ছবির ওই শিশু অবশ্য পরে তার বাবা-মার সঙ্গে একত্রিত হতে পেরেছিল।
মির্জা জানান, যখন থেকে সোহাইল নিখোঁজ, তখন থেকেই তাদের সবার দিনকালের হিসাব ‘ঝাপসা হয়ে গেছে’। যার সঙ্গে দেখা হচ্ছে, ত্রাণকর্মী, মার্কিন কর্মকর্তা- সবাইকে সোহাইলের বিষয়ে জিজ্ঞেস করেই চলেছেন।
“সবাই প্রতিশ্রুতি দেয় তারা সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু সেগুলো কেবল প্রতিশ্রুতিই,” বলেন হতাশায় মুষড়ে পড়া এ বাবা।
মির্জা হতাশ হয়ে পড়লেও শিশুটির খোঁজ বের করতে অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আফগান শরণার্থীদের সহায়তা করা একটি গোষ্ঠী এরই মধ্যে সোহাইলের ছবিসহ ‘নিখোঁজ শিশু’ লেখা একটি পোস্টার বানিয়েছে এবং নিজেদের নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাদের আশা, কেউ না কেউ ঠিকই শিশুটির খোঁজ জানবে।
ঘটনা সম্বন্ধে অবগত যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সংশ্লিষ্ট সব সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং বিদেশি অবস্থানগুলোকেও শিশু নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে।
“সর্বশেষ কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার সময় এক মার্কিন সেনার হাতে তুলে দেওয়ার সময় শিশুটিকে দেখা গেছে। দুর্ভাগ্যজনকভাবে কেউ ওই শিশুটিকে এখনও খুঁজে পায়নি,” বলেছেন তিনি।
বিদেশের মাটিতে শিশুটি পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের দুই মুখপাত্র এ সংক্রান্ত সব জিজ্ঞাসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে ঠেলে দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, শিশুটির সন্ধানে যুক্তরাষ্ট্রের সরকার আন্তর্জাতিক অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে কাজ করছে।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের মাধ্যমে ‘অ্যাম্বার অ্যালার্ট’ও জারি করা হয়েছে, বলেছেন তিনি।
এর কোনো কিছুই মন ভরাতে পারছে না সুরাইয়ার। দোভাষীর মাধ্যমে তিনি জানান, সোহাইল হারিয়ে যাওয়ার পর থেকে বেশিরভাগ সময় কাঁদতে কাঁদতেই কাটছে তার। তাদের অন্য চার সন্তানও হয়ে আছে ‘অস্থির’।
“আমি সারাক্ষণ শুধু আমার সন্তানের কথাই ভাবছি। সবাই আমাকে ফোন করছে, আমার মা, বাবা, বোন; তারা সবাই আশ্বাস দিচ্ছে আর বলছে, চিন্তা করো না। আল্লাহ দয়ালু, তোমার সন্তানকে ঠিকই পাওয়া যাবে,” বলেন উদ্বিগ্ন সুরাইয়া।
জন্মের পর বাবা-মার কাছে যতটুকু সময় ছিল, তার চেয়ে বেশি সময় ধরে নিখোঁজ সোহাইল ফিরলেই কেবল এই পরিবারের উদ্বেগ কাটতে পারে, মুখে ফিরতে পারে হাসি।
