৪ বছরের নিখোঁজ শিশু ১৮ দিন পর উদ্ধার
নিখোঁজ হওয়ার ১৮ দিন পর পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৪ বছর বয়সী একটি মেয়ে শিশুকে।
এ ঘটনায় ৩৬ বছর বয়সী এক যুবককে কাস্টডিতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবিসি জানায়, গত ১৬ অক্টোবর কারনারভন শহরের কাছে একটি ক্যাম্পসাইটে পারিবারিক তাঁবু থেকে নিখোঁজ হয় ক্লিও স্মিথ। তারপর থেকে হন্যে হয়ে তার খোঁজ চলছিল।
বুধবার ফরেন্সিক ক্লু ধরে দিনের শুরুতে কারনারভনে একটি বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের ডেপুটি কমিশনার এক বিবৃতিতে বলেছেন, তারা ওই বাড়ির একটি ঘরে দেখতে পান ছোট্ট ক্লিও’কে।
এ সময় এক পুলিশ কর্মকর্তা তাকে কোলে তুলে নিয়ে নাম জিজ্ঞাসা করেন। শিশুটি জানায়, তার নাম ক্লিও। এরপর তাকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মেয়েকে ফিরে পেয়ে মা ইলি স্মিথ ইন্সটাগ্রামে লিখেছেন, “আমাদের পরিবার আবার পূর্ণতা পেল।” ওদিকে, পুলিশ ক্লিওকে উদ্ধারের যে ফুটেজ প্রকাশ করেছে তাতে শিশুটিকে হাসতে দেখা গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ বলেছে, যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার সঙ্গে স্মিথ পরিবারের কোনও সম্পর্ক নেই। তার বিরুদ্ধে কোনও অভিযোগও আনা হয়নি।
ক্লিওকে যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তা কারনারভনে তাদের বাড়ি থেকে গাড়িতে করে গেলে মাত্র ছয় মিনিট দূরের পথ। এলাকাটিতে প্রায় ৫ হাজার মানুষের বাস।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্লিও উদ্ধারের ঘটনাকে ‘চমৎকার এক স্বস্তির খবর’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “১৮ দিন পর একটি ছোট্ট মেয়েকে- ঝুঁকিতে থাকা ছোট্ট মেয়েকে উদ্ধার করা হয়েছে। এতে অস্ট্রেলিয়া আনন্দিত বলেই আমি মনে করি।”
“আপনারা জানেন, এমন ঘটনার ক্ষেত্রে মানুষ নিশ্চিতভাবে খারাপ কিছুই ভাবে। কিন্তু আশা কখনও হারিয়ে যায় না; সেটাই গুরুত্বপূর্ণ বিষয়,” বলেন তিনি।
