২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: কমিউনিস্ট পার্টির সম্মেলনের আগে চীনে আক্রান্ত বাড়ছে

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মেলনের আগে রাজধানী বেইজিংয়ে স্থানীয়ভাবে ছড়ানো কোভিড-১৯ সংক্রমণ প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 10:47 AM

Updated : 07 Apr 2022, 11:50 PM

তাই আগামী সপ্তাহের গুরুত্বপূর্ণ ওই সম্মেলনের প্রস্তুতি চলার মধ্যেই রাজধানীতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার জানিয়েছে, আগেরদিন মঙ্গলবার (২ নভেম্বর) স্থানীয়ভাবে সংক্রমিত ৯৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, এ সংখ্যা সোমবারের ৫৪ জনের চেয়ে অনেকটা বেশি এবং ৯ অগাস্টের পর থেকে শনাক্ত হওয়া সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

এরমধ্যে বেইজিংয়ে স্থানীয়ভাবে সংক্রমিত আট রোগী শনাক্ত হয়েছে যা ১৯ জানুয়ারির পর থেকে সর্বোচ্চ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাজধানীতে অক্টোবরের শেষ দিক থেকে শুরু করে প্রতিদিন নতুন রোগীর সংখ্যা বাড়তে শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশের পরিস্থিতির তুলনায় তা খুব কম ছিল। দেশটি জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর সব পদক্ষেপ গ্রহণ করে আসছে।

এবারও শপিং মল, সুপারমার্কেট, হোটেল, সিনেমা ও সাবওয়ে স্টেশনগুলোর প্রবেশপথে তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে আসা লোকজনের মোবাইল ফোনে তাদের স্বাস্থ্য কোড পরীক্ষা করে দেখছেন।

বেইজিংয়ের কর্তৃপক্ষ বাসিন্দাদের শহরটির বাইরে ভ্রমণ থেকে বিরত থাকতে, বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখতে, অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন ছোট করতে এবং অপ্রয়োজনী জমায়েত বাদ দিতে বারবার মনে তাগাদা দিচ্ছে। 

বেইজিংয়ের ডাক্সিং বিমানবন্দর বুধবার সকাল পর্যন্ত ফ্লাইট সূচীর ৬০ দশমিক ৪ শতাংশ বাতিল করেছে আর বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর ৮৯ দশমিক ৮ শতাংশ ফ্লাইট বর্জন করেছে।

৮ থেকে ১১ নভেম্বর বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রুদ্ধদ্বার বৈঠকের কথা আছে। এ উপলক্ষ্যে দলটির শীর্ষস্থনীয় তিন শতাধিক নেতার এখানে জমায়েত হওয়ার কথা। কিন্তু সম্মেলনের প্রস্তুতির সময়ই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। 

কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ এ অধিবেশনে প্রেসিডেন্ট শি জিনপিংও উপস্থিত থাকবেন।

বেইজিংয়ের বাইরে হেইলংজয়, হেবেই, গানসু, ইনার মঙ্গোলিয়া, নিংজ, চিংহাইয়ের মতো উত্তর, উত্তরপূর্বাঞ্চলীয় এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ও এলাগুলোতে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছে।

চীনের দক্ষিণাপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান ও ইউনান এবং চাংশিং শহরেও নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইয়াংশিতে দুই জন নতুন রোগী শনাক্ত হয়েছে। 

বিদেশ থেকে বাহিত হয়ে আসা সংক্রমণসহ ২ নভেম্বর চীনে মোট ১০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, একদিন আগে সংখ্যাটি ৭১ ছিল।

মহামারী শুরু হওয়ার পর থেকে চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত চীনের মূলভূখণ্ডে মোট ৯৭ হাজার ৪২৩ জন রোগী শনাক্ত হয়েছে।