২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে সামরিক হাসপাতালে বিস্ফোরণ, গুলিতে নিহত ২৫

কাবুলে আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে অন্তত দুটি বিস্ফোরণের পর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 04:26 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের গেটে দুটি বিস্ফোরণ ঘটে। এরপরই শুরু হয় ইসলামিক স্টেটের (আেইএস) একদল বন্দুকধারীর হামলা। তাদের সবাইকে ১৫ মিনিটের মধ্যেই মেরে ফেলা হয়েছে।

তিনি জানান, তালেবানের বিশেষ বাহিনী হেলিকপ্টারে করে উড়ে গিয়ে হামলাকারীদেরকে হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দিয়েছে। হামলাকারীরা হাসপাতালের গেট কিংবা হাসপাতাল প্রাঙ্গণেই প্রাণ হারিয়েছে।

এর আগে তালেবানের আরেক মুখপাত্র জানিয়েছিলেন, একজন হামলাকারী ধরা পড়েছে। তালেবানের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে এবং ৫০ জনের বেশি আহত হয়েছে।

তবে হতাহতের এই সংখ্যা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তালেবান কর্র্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে আছেন, কাবুলের মিলিটারি কোরের প্রধান মাওলাউয়ি হামদুল্লাহ মুখলিস। তালেবানের আফগানিস্তানের দখলের সময় প্রথম পরিত্যাক্ত প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকা ঊর্ধ্বতন তালেবান কমান্ডারদের একজন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ছবিতে কাবুলের কেন্দ্রস্থলের সাবেক কূটনৈতিক জোন ওয়াজির আকবার খান এলাকার কাছে ঘটনাস্থলের ওপরে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার ওপর দিয়ে অন্তত দুইটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করে কোনও বিবৃতি না দিলেও হামলার ধরনে এটি আইএস হামলা বলেই আলামত পাওয়া যাচ্ছে।

দাউদ খান হাসপাতাল থেকে পালিয়ে আসা একজন স্বাস্থ্য কর্মী জানিয়েছেন, তিনি বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনার পর কয়েক মিনিট ধরে চলা গুলির শব্দ পেয়েছেন। এর প্রায় ১০ মিনিট পর দ্বিতীয় আরেকটি আরও বড় বিস্ফোরণের শব্দ পান।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে মসজিদসহ আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যে ধারাবাহিক হামলা চালাচ্ছে আইএস। ২০১৭ সালে এই দাউদ খান হাসপাতালে তারা সুপরিকল্পিত একটি হামলা চালিয়ে ৩০ জনেরও বেশি লোককে হত্যা করেছিল।