২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আক্রান্ত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 01:55 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

সোমবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে মুখপাত্র সায়ীদ খতিবজাদেহ বলেন, “তার অবস্থা এমনিতে ভালো আছে। কোয়ারেন্টিনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।”

তবে মন্ত্রীর ভ্রমণ সূচীগুলো পরিবর্তন করতে হয়েছে বলে সায়ীদ জানিয়েছেন।

সোমবার সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইন্দো-ইরানিয়ান জয়েন্ট ইকোনোমিক কমিশনের বৈঠকে উপস্থিত থাকতে নভেম্বরের শেষ দিকে ভারতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান।    

আবদুল্লাহিয়ান চলতি মাসে নয়া দিল্লিতে যেতে পারবেন কিনা, এ বিষয়ে পরবর্তীতে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি মাসের শেষের দিকে ২০১৫ সালের ইরান পারমাণবিক চু্ক্তি নিয়ে ছয় বিশ্ব শক্তির প্রতিনিধিদের সঙ্গে তেহরানের আলোচনা ফের শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অংশ নিচ্ছেন না।