২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬০টির বেশি দেশের পর্যটকদের জন্য খুলল থাইল্যান্ড সীমান্ত

কোভিড টিকা নেওয়া ৬০টির বেশি দেশের পর্যটকদের জন্য থাইল্যান্ডের সীমান্ত খুলে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 05:53 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

মহামারীর কারণে ১৮ মাস বন্ধ থাকার পর করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কম এমন দেশগুলোর টিকা নেওয়া পর্যটকদের জন্য সীমান্ত খোলা হল।

বিবিসি জানায়, এই পর্যটকরা থাইল্যান্ডে প্রবেশের অনুমতি পাবেন এবং তাদেরকে হোটেলে কোয়ারেন্টিনেও থাকতে হবে না।

কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীনসহ ইউরোপের বেশিরভাগ দেশগুলো।

সীমান্ত খুলে দেওয়ায় থাইল্যান্ডে আগামী বছর পর্যটকের সংখ্যা এক লাফে দেড় কোটিতে পৌঁছতে পারে এবং ৩ হাজার কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

থাইল্যান্ডে আগে বছরে চার কোটি পর্যটক সমাগম হত। কিন্তু করোনাভাইরাস মহামারীকালে ভ্রমণ–নিষেধাজ্ঞার কারণে দেশটির পর্যটন খাত বিপর্যয়ের মুখে পড়েছে। গতবছর দেশটিতে পর্যটক সমাগম ৮০ শতাংশেরও বেশি কমে গেছে।

এখন সীমান্ত সোমবার থেকে আবার খুলে যাওয়ায় পর্র্যটন খাতে রাজস্ব আয় ২০২৩ সালের মধ্যে আবার মহামারীর আগের পর্যায়ে চলে আসবে বলে আশাবাদী থাই সরকার।

যদিও শিল্প বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, চীনের সীমান্ত এখনও বন্ধ থাকার কারণে থাই পর্যটন খাত ঘুড়ে দাঁড়াতে বেগ পেতে হবে।

কারণ, মহামারী শুরুর আগে থাইল্যান্ডে চীনের পর্যটকের সংখ্যাই সবচেয়ে বেশি দেখা যেত। ২০১৯ সালে থাইল্যান্ডে প্রায় ১ কোটি ২০ লাখ চীনা পর্যটক সমাগম হয়েছিল।