জাপানে ভোট: নতুন প্রধানমন্ত্রী, রাজনৈতিক স্থিতিশীলতার পরীক্ষা
ফুমিও কিশিদার রক্ষণশীল সরকার জনগণের অনুমোদন পাবে নাকি নতুন প্রধানমন্ত্রীর অবস্থান দুর্বল হয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতির দেশটি রাজনৈতিক অস্থিতিশীলতার আরেকটি অধ্যায়ে প্রবেশ করবে, তা নির্ধারণে ভোট দিচ্ছে জাপানের নাগরিকরা।
রোববার স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত; ভোট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের বুথফেরত জরিপের মাধ্যমে সম্ভাব্য ফলাফল আসতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসের প্রথমদিকে জাপানের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর পরই এই নির্বাচনের ডাক দেন কিশিদা। এই ভোট তার জন্য ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) জন্য একটি পরীক্ষা। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ব্যর্থতার জন্য দলটির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।
কিশিদা জনগণের দরিদ্র অংশকে সাহায্য করার নীতি নিয়ে এগোতে হিমশিম খেলেও ইতোমধ্যে বড় ধরনের সামরিক ব্যায় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে ফেলেছেন, চীনের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন তিনি।
নিষ্প্রভ ভাবমূর্তি নিয়ে এলডিপি ভোটারদের উজ্জীবিত করতে ব্যর্থ হয়েছে। তাই ২০০৯ সালের পর থেকে প্রথমবারের মতো পার্লামেন্টের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর প্রান্তে আছে দলটি, অন্তত জনমত জরিপে এমন আভাসই পাওয়া যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
তবে এরপরও জোট সঙ্গী কোমেইতোকে নিয়ে দলটি নিম্নকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহত্তম বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি অব জাপানের আসন বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু কিশিদার জোটকে ক্ষমতা থেকে সরানোর কাছেও যেতে পারবে না তারা।
এলডিপির আসন লক্ষ্যণীয়ভাবে কমে গেলে দলটির মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরুর সম্ভাবনা আছে। এতে জাপান আবার স্বল্পস্থায়ী প্রশাসনের যুগে ফিরে যেতে পারে। ২০২০ সালের সেপ্টেম্বরের আগ পর্যন্ত টানা আট বছর ধরে ক্ষমতায় ছিলেন শিনজো আবে; তার আগে ক্ষমতাসীন দলের আর্ন্তদ্বন্দ্বে বারবার প্রধানমন্ত্রী পাল্টানোর কারণে জাপানের বৈশ্বিক মর্যাদা হ্রাস পেয়েছিল।
এবার ক্ষমতাসীন জোটে কোমেইতোর প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
