৪০০ শরণার্থী বোঝাই জাহাজ উদ্ধার করল গ্রিস
ক্রিট দ্বীপের কাছে সমুদ্র থেকে প্রায় ৪০০ শরণার্থী বোঝাই একটি কার্গো জাহাজ উদ্ধার করেছে গ্রিস।
শুক্রবার বিপদ সংকেত পাওয়ার পর জাহাজটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যাত্রীদের উদ্ধৃতি দিয়ে গ্রিক উপকূলরক্ষী বাহিনী জানায়, তুর্কি পতাকাবাহী জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিল।
জাহাজটি উদ্ধারের ঘটনাকে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের অন্যতম এক বড় উদ্ধার অভিযান বলে অভিহিত করেছে উপকূলরক্ষীরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে তীরে ভেড়ানো হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে জাহাজের শরণার্থীদের জাতীয়তাও জানানো হয়নি।
তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম রুট গ্রিস। কিন্তু ২০১৬ সালে শরণার্থীর ঢল ঠেকাতে তুরস্কের সঙ্গে ইইউ’র চুক্তি সইয়ের পর এ সংখ্যা অনেক কমেছে।
২০১৫ সালে তুরস্কের কাছাকাছি গ্রিক দ্বীপ হয়ে ইইউ এ প্রবেশ করেছিল প্রায় ১০ লাখ মানুষ। যাদের বেশিরভাগই ছিল সিরীয়। অগাস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর আবার নতুন শরণার্থী সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।
গত মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে একটি নৌকা ডুবে চার শরণার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই ছিল শিশু।
