২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা নিলে ১০ দেশ থেকে ভ্রমণ করা যাবে থাইল্যান্ডে

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কম থাকা অন্তত ১০ দেশের পূর্ণ ডোজ টিকা নেওয়া নাগরিকদের জন্য আকাশপথ খুলে দিয়ে কোয়ারেন্টিনের শর্ত তুলে নিচ্ছে থাইল্যান্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2021, 06:57 PM

Updated : 07 Apr 2022, 11:44 PM

কর্মকর্তারা বলছেন, আগামী ১ নভেম্বর থেকে এ পরিকল্পনা কার্যকর হবে। ‘সরকার কিছুটা ঝুঁকি নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে’ বলে সোমবার স্বীকার করেছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

তারপরও মহামারীতে ধুঁকতে থাকা থাই পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এমন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে।

বিবিসি জানায়, কম ঝুঁকিপূর্ণ ১০ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও চীন আছে। ডিসেম্বর থেকে আরও বেশি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ চালু করার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ওচা।

সোমবার টিভিতে এক ভাষণে তিনি বলেন, কম ঝুঁকিপূর্ণ ১০ দেশের পূর্ণ ডোজ টিকা নেওয়া দর্শনার্থীদেরকে থাইল্যান্ডে পৌঁছে করোনাভাইরাস ‘নেগেটিভ’ সনদ দেখাতে হবে এবং থাইল্যান্ডে পদার্পণের পর করোনাভাইরাস পরীক্ষাও করতে হবে।

এই পরীক্ষায় ‘নেগেটিভ’ ফল এলে দর্শণার্থীরা থাইল্যান্ডে অবাধে ভ্রমণ করতে পারবেন। সে ক্ষেত্রে তাদেরকে থাইল্যান্ডে ঢুকে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না।

করোনাভাইরাস মহামারীর আগে থাইল্যান্ডে বছরে কোটি কোটি পর্যটক সমাগম হত। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জারি হওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে থাই পর্যটন খাত বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

তথ্য বলছে, এ বছর প্রথম ৮ মাসে থাইল্যান্ডে ভ্রমণ করেছে মাত্র ৭০ হাজার পর্যটক। অথচ ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৪ কোটি।