২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান মেয়েটির পোষা ময়নার ঠাঁই হল আবু ধাবিতে ফ্রান্সের রাষ্ট্রদূতের বাসায়

তালেবান কাবুল দখলে নেওয়ার পর দেশ ছাড়া এক আফগান মেয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমান ঘাঁটিতে তার যে পোষা পাখিটিকে ছেড়ে গিয়েছিল, তার ঠাঁই হয়েছে আবু ধাবিতে ফ্রান্সের রাষ্ট্রদূতের বাসভবনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2021, 05:06 PM

Updated : 02 Aug 2022, 06:26 PM

আল ধাফরা বিমানঘাঁটি থেকে ফ্রান্সগামী ফ্লাইটে কর্তৃপক্ষ পাখিটিকে তুলতে দিচ্ছিল না, সেসময় এগিয়ে আসেন জেভিয়ে শেঁতেল; ফরাসী এ রাষ্ট্রদূত আশ্বাস দেন জুজি নামের ছোট ময়নাটিকে দেখে রাখার।

এরপর থেকে জুজি তার সঙ্গেই থাকছে; কয়েকদিনের প্রশিক্ষণে সে এখন ফরাসী ভাষায় সম্বোধনও শিখে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

শেঁতেল প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো একদিন তিনি ঠিকই জুজিকে ওই আফগান মেয়েটির কাছে পৌঁছে দেবেন।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার আগের দিন ১৪ অগাস্ট থেকে ৩০ অগাস্ট শেষ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার আগ পর্যন্ত ১৭ দিনে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়।

ঝুঁকিতে থাকা প্রায় দুই হাজার ৬০০ আফগানকে সরিয়ে নেওয়া হয় ফরাসী বিমানের ফ্লাইটে।

“ক্লান্ত, বিধ্বস্ত মেয়েটি আল ধাফরা বিমানঘাঁটিতে নেমেছিল, সঙ্গে ছিল অদ্ভুত একটি জিনিস, একটি পাখি। ছোট এ পাখিটিকে সঙ্গে নিয়ে আসতে কাবুল বিমানবন্দর থেকে পুরোটা পথ লড়তে হয়েছে তাকে।

“স্বাস্থ্যগত কারণে পাখিটির আর বিমানে ওঠা হয়নি। মেয়েটি নীরবে কাঁদছিল। আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। বাসায় পাখিটির যত্ন নেবো, খাওয়াবো এই প্রতিশ্রুতি দিই আমি। বলি, যে কোনো সময় তুমি পাখিটিকে দেখতে আসতে পারবে, সঙ্গে নিয়ে যেতে পারবে,” টুইটারে বলেন শেঁতেল।

ফরাসী এ রাষ্ট্রদূত জানান, পাখিটির জন্য তিনি একটি খাঁচা কিনেছেন, অন্য পাখিদের সঙ্গে যেন মিশতে পারে সে জন্য তাকে সকালে বাইরেও নিয় যাওয়া হয়।

“জুজি প্রায়ই আবোলতাবোল বলে, রহস্যময় কিছু বলতে শুরু করে, এমন ভাষায় যা আমার বুঝি না,” বলেন শেঁতেল।

ময়না মানুষের কথা নকল করতে পারে জেনে রাষ্ট্রদূত পাখিটিকে দুই একটা ফরাসী শব্দ শেখাতে নেমে পড়েন। শুরু করেন বঁজ্যু (ইংরেজিতে হ্যালো) দিয়ে।

“কিন্তু ব্যাপার হল জুজি পুরুষদের পছন্দ করে না, সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়, রাগান্বিতভাবে তাকায়। কিন্তু নারীরা গেলে মুখ চেপে হাসে। আশাহত হয়েও আমি প্রতিদিন বঁজ্যু নিয়ে চেষ্টা চালিয়ে যাই, অনেকটাই নিশ্চিত ছিলাম যে সে এগুলো শুনছে না। অন্তত আমি তাই ভেবেছিলাম।

“একদিন বাসভবনের (নারী) ব্যবস্থাপক আমাকে এই ভিডিও পাঠায় যেখানে পাখিটি বঁজ্যু বলছে, আমার হৃদয় ভরে গেছে,” বলেন রাষ্ট্রদূত।

 

পাখিটির ‘আসল মালিকের’ নাম আলিয়া বলেও টুইটারে জানান শেঁতেল।

প্যারিসে থাকা আফগান মেয়েটির সঙ্গে যোগাযোগ আছে এবং সে ‘পাখিটির এমন যত্নআত্তি দেখে খুব খুশি’, বলেন তিনি।

“আলিয়া, তোমার পাখি এখন দূতাবাসের মাসকট হয়ে গেছে, কিন্তু সে তোমার জন্যই এখানে আছে। আমি যদি পারি, একদিন নিজে পাখিটিকে তোমার কাছে নিয়ে যাবো,” লিখেছেন শেঁতেল।