জি-২০ থেকে তালেবানকে স্পষ্ট বার্তা দিতে হবে: ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আন্তর্জাতিক স্বীকৃতির শর্তের বিষয়টিতে আফগানিস্তানের তালেবানকে আসন্ন জি-২০ সম্মেলন থেকে সুস্পষ্ট বার্তা দিতে হবে।
ফ্রান্স ইন্টার রেডিও স্টেশনে মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ একথা বলেন।
তিনি বলেন, তালেবানকে দেওয়া শর্তের মধ্যে অবশ্যই নারীর সমতা, বিদেশি মানবিক ত্রাণকাজ চলতে দেওয়া এবং জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক না রাখার মতো বিষয়গুলো থাকতে হবে।
আন্তর্জাতিক স্বীকৃতির একটা বিনিময়মূল্য থাকা উচিত- এমনটিই বিশ্বাস করেন জানিয়ে ম্যাক্রোঁ বলেন, “আফগান নারীদের মর্যাদা, নারী-পুরুষের সমতার বিষয়টিতে আমাদেরকে জোর দিতে হবে। আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো তালেবানের জন্য শর্ত হিসেবে থাকা উচিত।”
ইতালির রাজধানী রোমে ৩০ এবং ৩১ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জি-২০ সম্মেলন। সেই সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ম্যাক্রোঁ।
তিনি বলেন, “আমরা আফগানিস্তান নিয়ে আলোচনা করব। আমাদেরকে অবশ্যই সে আলোচনা করতে হবে।”
“ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়া, আফ্রিকার বড় শক্তি, এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ল্যাটিন আমেরিকা; সবাই এক হয়ে স্পষ্ট বার্তা দিতে হবে যে, আমরা তালেবানকে স্বীকৃতি দেওয়ার জন্য শর্ত নির্ধারণ করে দেব।”
